ভারত, চীন ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের চ্যালেঞ্জ নিয়ে বৈঠক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকের শুরুতে অ্যাজেন্ডাভুক্ত সাধারণ আলোচনা হয়। এর পর কেবল কমিটির সদস্যদের অংশগ্রহণে রুদ্ধদ্বার বৈঠক হয়। তবে বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে কিছু জানাতে অস্বীকৃতি জানান কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান।
বৈঠক শেষে এ বিষয়ে ফারুক খান সাংবাদিকদের বলেন, এটা আমাদের রুদ্ধদ্বার বৈঠক ছিল। এ ব্যাপারে গণমাধ্যমকে কিছু বলতে চাই না। আমরা ভারত-চীনসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। আলোচনায় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো এসেছে। প্রসঙ্গত, কমিটি এর আগের বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার আকস্মিক ঢাকা সফর নিয়ে প্রশ্ন তোলে। ঐ বৈঠকেই ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে রুদ্ধদ্বার বৈঠকের সিদ্ধান্ত হয়েছিল।
গতকালের বৈঠকে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের প্রায় সাড়ে ৬ লাখ নারীকর্মী কর্মরত আছেন উল্লেখ করে তাদের সুবিধা-অসুবিধার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সবসময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। ফারুক খান সাংবাদিকদের বলেন, পরারাষ্ট্র মন্ত্রণালয়কে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এ বিষয়ে উদ্যোগ নিতে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে।
বৈঠকে কানাডা ও ইন্দোনেশিয়ায় বাংলাদেশি মিশনে নবনিযুক্ত রাষ্ট্রদূতদ্বয় সে দেশে তাদের করণীয় বিষয়ে রূপরেখা উপস্থাপন করেন। এ সময় কমিটির পক্ষ থেকে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমানকে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে ইন্দোনেশিয়ার সমর্থন আদায়ে কাজ করার সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, নূরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, আব্দুল মজিদ খান এবং হাবিবে মিল্লাত অংশ নেন।
