বৃদ্ধিকৃত মূল্যস্তর প্রত্যাহার ও কর্মের দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ০০:২৯

চলতি বাজেটে বিড়ির ওপর বৃদ্ধিকৃত চার টাকা মূল্যস্তর প্রত্যাহার ও বিড়ি শ্রমিকদের ছয় দিন কাজের নিশ্চয়তাসহ ৫ দফা দাবিতে বুধবার মানববন্ধন করে কুষ্টিয়া জেলা বিড়ি শ্রমিক সংগ্রাম পরিষদ। মজমপুর গেট-সংলগ্ন শিল্পকলা একাডেমির সামনে অনুষ্ঠিত মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

কুষ্টিয়া জেলা বিড়ি শ্রমিক সংগ্রাম পরিষদের সভাপতি মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম কে বঙ্গালী, কার্যকরী সভাপতি আমিন উদ্দিন বিএসসি, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্মসম্পাদক মো. হারিক হোসেন প্রমুখ। মানববন্ধনে হাজারেরও অধিক শ্রমিক অংশগ্রহণ করেন।—প্রেস বিজ্ঞপ্তি