রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এমপির সঙ্গে রেলভবনে তার দপ্তরে গতকাল বুধবার নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এক সৌজন্য সাক্ষাত্ করেছেন। সাক্ষাত্কালে ভারতের অর্থায়নে বাংলাদেশ রেলওয়েতে চলমান প্রকল্পসহ উভয় দেশের রেল সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনার শুরুতেই চিলাহাটি-হলদিবাড়ি নতুনলাইন উদ্বোধন ও ট্রেন চালানোর বিষয়ে আলোচনা হয়। রেলপথ মন্ত্রী হাইকমিশনারকে জানান ডিসেম্বরে বিজয় দিবস উপলক্ষ্যে উভয় দেশের প্রধানমন্ত্রী নতুন আন্তঃদেশীয় যোগাযোগ উদ্বোধন করবেন এবং শুরুতে পণ্যবাহী ট্রেন চলবে। এছাড়া আগামী বছরের ২৬ শে মার্চ উপলক্ষ্যে ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত একটি যাত্রীবাহী ট্রেন চালানোর বিষয়ে পরিকল্পনা রয়েছে।
রেলপথ মন্ত্রী আলোচনায় বলেন, বঙ্গবন্ধু রেল সেতুর কাজ আগামী মাসে শুরু হবে। এই সেতুটি নির্মিত হলে দেশের রেল যোগাযোগ ব্যবস্থার অভূত উন্নতি হবে। এ ছাড়া মিটারগেজ লাইনকে পর্যায়ক্রমে ডুয়েল গেজে রূপান্তর করার প্রক্রিয়া চলছে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প চালু হলে ভারতীয় ট্রেন যশোরের বেনাপোল থেকে সহজে ও কম সময়ে পণ্য ও যাত্রী ঢাকায় পরিবহন করা সম্ভব হবে। সিরাজগঞ্জে একটি কন্টেইনার টার্মিনাল ডিপো নির্মাণ বিষয়ে আলোচনা হয় এবং জানানো হয় যে এই আইসিডি নির্মিত হলে পণ্য পরিবহন খুব সহজ হবে।
এ সময় রেলপথ মন্ত্রী জানান, ভারতের আদলে বাংলাদেশ রেলওয়েতে কনসালট্যান্সি বিষয় একটি বিভাগ করা হবে। ভারতীয় হাই কমিশনার এ সময় বাংলাদেশ রেলওয়েতে ক্যাটারিং সার্ভিস এবং ট্রেনিং একাডেমি উন্নয়নের আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাত্কালে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো সেলিম রেজা ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান উপস্থিত ছিলেন।
