৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার ক্রয়ের পৃথক তিন প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক কাতার হতে ২৫ হাজার মেট্রিক টন বাল্ক প্রিল্ড (অপশনাল) ইউরিয়া সার ৫৫ কোটি ৫৮ লাখ ৯১ হাজার টাকায়, সৌদি আরব হতে ২৫ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ৫৫ কোটি ৫৮ লাখ ৯১ হাজার টাকায় এবং কাফকো, বাংলাদেশ হতে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ৬২ কোটি ১১ লাখ ৯৬ হাজার টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় ক্রয় প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল অনুমোদিত ক্রয় প্রস্তাবের বিভিন্ন দিক সাংবাদিকদের অবহিত করেন। তিনি জানান, সভায় মোট ৪৭৪ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকায় সাতটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। মোট অর্থায়নের মধ্যে সরকারি তহবিল থেকে ২৮৭ কোটি ৫৯ লাখ ৮৯ হাজার টাকা এবং জাইকা ও দেশীয় ব্যাংক থেকে ১৮৬ কোটি ৫২ লাখ ৯১ হাজার ৬৫৪ টাকা যোগান দেওয়া হবে। সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ‘বিদ্যুত্ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (২০১৮ সালে সংশোধিত)’ এর আওতায় রূপকল্প-৯: ২ডি সিসমিক প্রকল্পের সাতটি লটে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৩ কোটি ৭৫ লাখ ৬ হাজার টাকা। সভায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন ‘হাওর এলাকায় বন্যা ব্যবস্থাপনা ও জীবনযাত্রার মান উন্নয়ন প্রকল্পে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠানকে বিদ্যমান চুক্তির সঙ্গে ভেরিয়েশন বাবদ ১৩ কোটি ২৩ লাখ ১১ হাজার টাকা যুক্ত করে সংশোধিত চুক্তি সম্পাদনের অনুমোদন দেওয়া হয়েছে।
সভায় কক্সবাজার জেলার একতাবাজার হতে বানৌজ শেখ হাসিনা ঘাঁটি পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্পের প্যাকেজ নং-ডব্লিউপি-০১ এর পূর্ত কাজ সম্পাদনে একমাত্র রেসপনসিভ দরদাতা প্রতিষ্ঠানকে ১৩৫ কোটি ৯২ লাখ ২৪ হাজার টাকায় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। একই প্রকল্পের প্যাকেজ নং-ডব্লিউপি-০২ এর পূর্ত কাজ সম্পাদনে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে ১৩৭ কোটি ৯২ লাখ ৫৮ হাজার টাকায় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
