মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ১৮:৫৭

মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় ফজলু মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে শঠিবাড়ি আল ফারুক উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলু মিয়া দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার কুচদহ হঠাৎপাড়া গ্রামের বাসিন্দা। তিনি শঠিবাড়ীতে কাঁচামাল আড়তে সবজি বিক্রি করতে এসেছিলেন।

শঠিবাড়ি ফায়ার সার্ভিসের অধিনায়ক কাজল মিয়া জানান, বৃহস্পতিবার সকালে শঠিবাড়ী কাঁচামালের আড়তে সবজি বিক্রি করে ভ্যানযোগে ফিরছিলেন কৃষক ফজলু মিয়া। ঢাকা-রংপুর মহাসড়কের আল ফারুক উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে হঠাৎ ভ্যানের এক্সেল ভেঙে দিয়ে রাস্তার মাঝখানে পড়ে যান তিনি। এসময় রংপুরগামী মীম পরিবহণ নামে একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪-৬০৩০) তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইত্তেফাক/এমআরএম