অন্যান্য নাম—ছাতিয়ান, ছাইত্তান। ফুল ফোটার মৌসুম শরত্ ও হেমন্ত। বাংলাদেশ, ভারত, চীন ও মালয়েশিয়ায় দেখা যায়। ঢাকায় রমনা পার্ক ও বোটানিক্যাল গার্ডেনসহ বিভিন্ন পার্ক-উদ্যানে ছাতিমগাছ রয়েছে।
ছাতিমগাছ ১৫ থেকে ২০ মিটার উঁচু, চির সবুজ দুধকষভরা সুশ্রী গাছ। পাতা প্রায় ১৮ সেন্টিমিটার লম্বা, মসৃণ, ওপর উজ্জ্বল সবুজ, নিচ সাদাটে। শরতের শেষে সারা গাছ ভরে গুচ্ছবদ্ধ, তীব্রগন্ধী, সবুজ-সাদা ছোট ছোট ফুল ফোটে। ফল সজোড়, থোকায় থোকায় ঝুলে থাকে। ফুল সাদা ও আকারে কিছুটা বড়। A. macrophylla জাতের ছোট ছাতিম বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জন্মে।
ছাতিমগাছের ছাল গন্ধহীন, অসমতল ও ধূসর। কাঠের রং সাদা। কাঠ বেশ নরম। ছাতিমের মূলাবর্তে সাতটি পাতা একসঙ্গে থাকে বলে সংস্কৃতে এবং হিন্দিতে একে ‘সপ্তপর্ণ’ বা ‘সপ্তপর্ণা’ নামে ডাকা হয়। গাছের ছাল ও আঠা জ্বর, হূদরোগ, হাঁপানি, ক্ষত, আমাশয় ও কুষ্ঠে উপকারী।
‘বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে’—শাহ আবদুল করিমের এই গানটি ছাতিম ফুলকে ঘিরেই।
