বনভূমিতে রোহিঙ্গা বসতি

ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি হলেও শুরু হয়নি কাজ

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২১:১৬

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের কারণে বনভূমি, বনজসম্পদ, জীববৈচিত্র্য ও পরিবেশের ক্ষয়ক্ষতি নিরূপণে ‘বিশেষজ্ঞ কমিটি’ গঠিত হলেও এক বছরেও শুরু হয়নি কাজ। বন বিভাগ সূত্রে জানা গেছে, গত বছরের ৫ নভেম্বর বনবিভাগের পক্ষ থেকে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসাইনকে প্রধান করে গঠিত এই বিশেষজ্ঞ কমিটিতে আরো রয়েছেন একই বিভাগের প্রফেসর ও বনসম্পদ অর্থনীতি বিশেষজ্ঞ ড. মো. দানেশ মিয়া, ঢাকাস্থ ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও পরিবেশ অর্থনীতি বিশেষজ্ঞ ড. এ কে এম এনামুল হক। কমিটিতে চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক আবদুল আউয়াল সরকার ছাড়াও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) চট্টগ্রামের প্রতিনিধি, আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা (আইইউসিএন)-এর প্রতিনিধি ও জেলা প্রশাসনের একজন করে প্রতিনিধিকে রাখা হয়েছে।

এ সম্পর্কে কমিটির প্রধান বিশেষজ্ঞ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসাইন বলেন, গত বছরের নভেম্বরের শুরুতে এ কমিটি গঠনের পর থেকেই মুখিয়ে আছি আমরা কবে কাজ শুরু করব। কিন্তু অজ্ঞাত কারণে বনবিভাগ বিষয়টি ঝুলিয়ে রেখেছে। চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক আবদুল আউয়াল সরকার বলেন, রোহিঙ্গা ক্যাম্পের কারণে বনভূমি, বনজসম্পদ, জীববৈচিত্র্য ও পরিবেশের ক্ষয়ক্ষতি নিরূপণে গঠিত ‘বিশেষজ্ঞ কমিটি’র কর্মকাণ্ড চালানোর জন্য এখনো কোনো অর্থ বরাদ্দ আসেনি। ফলে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজও শুরু করা যায়নি।