সংবাদ সংক্ষেপ

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২১:২৫

ধর্ষণবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে নারী নির্যাতন ও ধর্ষণবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ নম্বর ধামইরহাট ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও উদয় সমাজ উন্নয়ন সংস্থার সহযোগিতায় বৃহস্পতিবার হরিতকীডাঙ্গা বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দেলদার হোসেন।

১ হাজার ২০০ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি দুর্গাপূজা উপলক্ষ্যে সিরাজগঞ্জে হিন্দুধর্মের দরিদ্র ১ হাজার ২০০ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পূজা উত্সব কমিটি সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকালে সরকারি কলেজের শেখ কামাল অডিটোরিয়ামে এসব বিতরণ করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না প্রমুখ।

শিক্ষক ফোরামের মতবিনিময় সভা

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা উপজেলা আইসিটি শিক্ষক ফোরামের বর্ষপূর্তি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, ত্রিশাল পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান প্রমুখ।

মসলাজাতীয় ফসল চাষে প্রশিক্ষণ 

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা মসলাজাতীয় ফসলের উত্পাদন, সংগ্রহ, সংরক্ষণ ও প্রক্রিয়াজাত শীর্ষক কৃষক-কৃষানি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি বিভাগের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এস এম গোলাম সারওয়ার।

বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা উপজেলার পাটলী ইউনিয়ন উইমেন্স কলেজের আয়োজনে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ ও নবীণবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল হকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সিদ্দিক আহমদ।

নিরাপদ সড়ক দিবস উদ্যাপন

জয়পুরহাট  প্রতিনিধি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে বৃহস্পতিবার সকালে জাতীয় নিরাপদ সড়ক দিবসের উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএর সহকারী পরিচালক আব্দুল হান্নানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান।

ফাইলেরিয়া রোগের ওপর কর্মশালা

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা ফাইলেরিয়া রোগের প্রচার প্রচারণা ও সামাজিক আন্দোলন জোরদারকরণ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউল আজমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার।