জাতীয় নদী সংরক্ষণ কমিশনের (এনআরসিসি) সাম্প্রতিক প্রতিবেদনে দেশের নদীগুলোর ভয়াবহ চিত্র উঠে এসেছে। এক সময় আমাদের ছিল ৭০০-রও বেশি নদী আর এখন সর্বশেষ তথ্য অনুযায়ী এই সংখ্যা ৪০৫। স্বাধীনতার পর আমরা শতাধিক নদী হারিয়েছি! পানির গুণগতমান হিসেবে ২৯টি নদী মারাত্মক দূষণের শিকার। ঢাকার চারপাশে চারটি নদী, যেগুলো জৈবিকভাবে মৃত বলে ধরে নেওয়া হয়। আমার দেখা সাম্প্রতিক একটা ঘটনা—শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদী বর্ষার মাঝে দু-কূল উপচে পড়ে এবং পানির চাপে রাস্তা ভেঙে পানি ছড়িয়ে পড়ে কৃষকের শত শত বিঘা ফসলের জমিতে। এই ভোগাই নদীর সঙ্গে ছিল একটি শাখা কালো নদী, কিন্তু সংস্কারের অভাবে এখন সেটা মৃত বলেই ধরা হয়। এই কালো নদীতে যে পরিমাণ পানি আসার কথা ছিল তা না আসতে পেরে ভোগাই নদী থেকে রাস্তা ভেঙে পানি আসে। তলিয়ে যায় কৃষকের শত শত বিঘা জমি। আর অনিশ্চিত হয়ে পড়ে কৃষকের ভবিষ্যত্। এই কালো নদীর মতো আরো যত নদী আছে, ঠিকভাবে সংস্করণ করা হলে পানি তার আপন গতিতে নিজ পথে চলতে পারত, নষ্ট হতো না কৃষকের ফসল। তাই এ ব্যাপারে আশু ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।
মো. মেহেদী হাসান
শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ,
ঢাকা কলেজ
