দফায় দফায় সময় বাড়িয়েও বহুল আলোচিত সাভারের চামড়া শিল্পনগরীর কাজ সম্পন্ন হয়নি। সর্বশেষ গত জুনের মধ্যে কাজ সম্পন্ন হওয়ার বিষয়ে শিল্প মন্ত্রণালয় আশ্বাস দেওয়ার পর ঐ সময়সীমাও পার হয়েছে। এবার নতুন করে আগামী ডিসেম্বর পর্যন্ত কার্যক্রম সম্পন্ন করার সময় বেড়েছে। জানা গেছে, প্রকল্প বাস্তবায়নকারী চীনের কোম্পানিটি আগামী ডিসেম্বরের মধ্যে প্রকল্পের অবশিষ্ট কাজ সম্পন্ন করতে ‘সদয়’ সম্মতি দিয়েছে। গতকাল বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের এক সভায় চীনের কোম্পানিটির এ সম্মতির তথ্য জানানো হয়। চামড়া শিল্পের পণ্য উত্পাদন প্রক্রিয়াকে পরিবেশবান্ধব করতে প্রায় দুই দশক আগে রাজধানীর হাজারীবাগ থেকে চামড়া শিল্পকে সরানোর উদ্যোগ নেওয়া হয়। প্রকল্প নেওয়ার পর দফায় দফায় সময় বেড়েছে, বেড়েছে ব্যয়।
গতকালের ঐ সভায় শিল্পমন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে সংস্থা পর্যায়ে নিবিড় মনিটরিং আরো জোরদার করতে হবে। চলতি অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে ঐ সভার আয়োজন করা হয়।
এ সময় শিল্পমন্ত্রী বলেন, সরকারের ব্যয় সাশ্রয়ে বিভিন্ন কারখানায় যন্ত্রাংশ বারবার মেরামতের পরিবর্তে নতুন মেশিনারি প্রতিস্থাপন করতে হবে। পাশাপাশি কারখানা পর্যায়ে যে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সব সময় সজাগ থাকতে হবে। সভায় দেশের সব বিভাগীয় ও গুরুত্বপূর্ণ জেলা শহরে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এর আঞ্চলিক কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত হয়।
