শেয়ারবাজার

লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে সূচকের পতন

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২১:৩২

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতন হয়েছে। তবে ডিএসইতে হাজার কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। এর মাধ্যমে ১২ কার্যদিবস পর শেয়ারবাজারে হাজার কোটি টাকার শেয়ার লেনদেনের দেখা মিলল।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল লেনদেনের শুরুতে শেয়ারবাজারে উত্থানের আভাস পাওয়া যায়। বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় মাত্র দুই মিনিটের লেনদেনেই ডিএসইর প্রধান সূচক ১৮ পয়েন্ট বেড়ে যায়। তবে লেনদেনের সময় ১০ মিনিট না গড়াতেই নিচের দিকে নামতে থাকে সূচক। একের পর এক প্রতিষ্ঠানের দরপতনের কারণে একপর্যায়ে ডিএসইর প্রধান সূচক ১৮ পয়েন্ট কমে যায়। তবে লেনদেনের শেষ দিকে কিছু প্রতিষ্ঠানের দাম বাড়ায় বড় পতনের হাত থেকে রক্ষা পায় শেয়ারবাজার।

গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ৪ হাজার ৯১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ১ হাজার ৬৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। ১০৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৯২টি এবং ৫৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ২৯ কোটি ৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮৫৫ কোটি ২৫ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১৭৩ কোটি ৭৮ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ১৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৪৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে ৯১টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৬টির এবং ৩৫টির দাম অপরিবর্তিত রয়েছে।