নিয়ম করে বিসিবি প্রেসিডেন্টস কাপের প্রায় প্রতিটি ম্যাচেই বৃষ্টি হানা দিয়েছিল। গতকাল যেমন মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করতে এসে হতাশ হতে হয়েছে মাহমুদউল্লাহ একাদশকে। বৃষ্টির বাধায় কয়েকবার বন্ধ করতে হয়েছে অনুশীলন। তার পরও গুঁড়ি গুঁড়ি বর্ষণের মাঝে সেন্টার উইকেটে ব্যাটিংয়ের চেষ্টা করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ-ইমরুল কায়েসরা।
অব্যাহত বৃষ্টি ও চলমান বাজে আবহাওয়ার কারণে আজকের ফাইনাল ভালোভাবে সম্পন্ন করা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। গতকাল বিকাল পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে নিম্নচাপ। যার ফলে সারা দেশেই বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া খারাপ হওয়ায় বিসিবি প্রেসিডেন্টস কাপের মাহমুদউল্লাহ-নাজমুল একাদশের মধ্যকার ফাইনাল দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। পূর্ব সূচি অনুযায়ী আজ মাঠে গড়াচ্ছে না ফাইনাল। আগামী রোববার (২৫ অক্টোবর) ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিসিবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭২ ঘণ্টায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার ফাইনাল ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।
তাই ট্রফির লড়াইয়ে নামতে মাহমুদউল্লাহ-নাজমুল একাদশকে আরো কয়েক দিন অপেক্ষা করতে হচ্ছে। চার ম্যাচে সর্বোচ্চ তিন জয় নিয়ে ফাইনালে উঠেছে নাজমুল বাহিনী। বুধবার রাতে তামিম একাদশকে ৭ রানে হারায় তারা। এই হারেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে তামিমের দল। চার ম্যাচে তাদের জয় একটি। সমানসংখ্যক ম্যাচে দুটি জয় নিয়ে ফাইনালে উঠেছে মাহমুদউল্লাহর দল। যদিও লিগ পর্বে দুই ম্যাচে নাজমুলদের কাছে হেরেছে তারা।
এদিকে বুধবার ক্যাচ ধরতে গিয়ে ডাইভ দিয়ে ডান কাঁধে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছিলেন মুশফিকুর রহিম। গতকাল দল সূত্রে জানা গেছে, এখন ভালো আছেন মুশফিক। টিম হোটেলে সুইমিং করেছেন তিনি। আগের রাতে জয়ের পর গতকাল বিশ্রামে ছিল নাজমুল বাহিনী। হোটেলে জিম, সুইমিং করে কাটিয়েছেন ক্রিকেটাররা।
