ক্রিকেটারদের পারফরম্যান্সে চিন্তিত নন ডমিঙ্গো

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২১:৩৩

ত্রিদলীয় বিসিবি প্রেসিডেন্টস কাপে ক্রিকেটারদের পারফরম্যান্স মন ভরাতে না পারলেও তা নিয়ে চিন্তিত নন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো।

করোনাকালে লম্বা বিরতির পর এই টুর্নামেন্টের মধ্য দিয়েই তামিম-মুশফিকরা প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন। যদিও ক্রিকেটারদের পারফরম্যান্স অনেকের মন ভরাতে পারেনি। কারণ  ব্যাটসম্যানদের সংগ্রাম করতে হয়েছে টুর্নামেন্ট জুড়ে। রান হয়নি, টপ-অর্ডার ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলেই ছিলেন। লো স্কোরিং ম্যাচ হয়েছে, টার্গেট তাড়া করতে গিয়ে নাকের জল-চোখের জল এক হয়ে গেছে ব্যাটসম্যানদের।

এমন নিষ্প্রাণ টুর্নামেন্টে ক্রিকেটারদের অমন পারফরম্যান্সে চিন্তিত নন কোচ ডমিঙ্গো। টুর্নামেন্টে পর্যবেক্ষকের ভূমিকায় ছিলেন তিনি। গতকাল অনলাইনে বিসিবি আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রোটিয়া কোচ দৃঢ়ভাবে বলেছেন, এই মুহূর্তে পারফরম্যান্স তার কাছে গুরুত্বপূর্ণ নয়। পড়তি পারফরম্যান্সেও শীষ্যদের পাশে থাকলেন ডমিঙ্গো। করোনার দীর্ঘ বিরতিকেই অজুহাত হিসেবে দেখিয়েছেন তিনি। ডমিঙ্গো গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বাংলাদেশের হেড কোচ হিসেবে এই সময়ে পারফরম্যান্স আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। পারফরম্যান্স মূল্যায়ন হবে জানুয়ারিতে যখন আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলতে শুরু করব। এখন ছেলেদের কিছুটা ক্রিকেট খেলার সুযোগ করে দেওয়াই মূল, যা তারা গত ৬-৭ মাসে পায়নি।’

রানের খরা থাকলেও টুর্নামেন্ট দেখে সন্তুষ্ট ডমিঙ্গো। বাকি রয়েছে শুধু ফাইনাল। চলমান বাজে আবহাওয়ার কারণে দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে মাহমুদউল্লা-নাজমুল একাদশের ফাইনাল। বিসিবি প্রেসিডেন্টস কাপ নিয়ে টাইগারদের হেড কোচ বলেছেন, ‘আমি খুব খুশি। আমার মনে হয় টুর্নামেন্ট দারুণ তীব্রতায় খেলা হয়েছে। ভালো হতো যদি আমরা আরো কিছু রান পেতাম। কিন্তু সবাইকে বুঝতে হবে গত সাত মাসে খেলোয়াড়রা প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেনি। কিছু ব্যাটসম্যান এক সপ্তাহ আগে যোগ দিয়েছে। কোচ হিসেবে আমার কাছে মূল বিষয় হলো এটি নিশ্চিত করা যে, তারা কিছু ম্যাচ খেলতে পারছে। ম্যাচ খেলার চেয়ে ভারো অনুশীলন আসলে নেই। ম্যাচগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। উইকেটও সহজ ছিল না। আমার মনে হয় হয়তো এই কারণেই ব্যাটসম্যানরা সংগ্রাম করেছে আপনারা দেখেছেন।’

টপ-অর্ডারে ওপেনারদের ব্যাটে চলছে রান খরা। কেউই বড় ইনিংস খেলতে পারছেন না। লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকাররা রান পাচ্ছেন না। তামিম প্রথম ওপেনার হিসেবে হাফ সেঞ্চুরি করেছেন গত বুধবার রাতে। যদিও ওপেনাররা ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন বলতে নরাজ ডমিঙ্গো। ছয়-সাত মাস পর ফেরায় এই টুর্নামেন্টের পারফরম্যান্স দেখে ব্যর্থতার ‘ট্যাগ’ দেওয়া অন্যায্য হবে বলে মনে করেন তিনি। ডমিঙ্গোর আশা, ম্যাচ খেলতে খেলতে আগের ছন্দে ফিরবেন লিটনরা।