ছুটি পাবেন ক্রিকেটাররা

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২১:৩৬

বিসিবি প্রেসিডেন্টস কাপ শেষ হলেই ছুটিতে যাবেন জাতীয় দলের ক্রিকেটাররা। প্রায় দুই সপ্তাহের ছুটি পাবেন তামিম-মুশফিকরা। নভেম্বরে টি-২০ লিগের আগে আবারও অনুশীলনে ফিরবেন ক্রিকেটাররা। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেছেন, ‘টুর্নামেন্ট শেষে কিছুদিন ছুটি পাবে ক্রিকেটাররা। অনেক দিন টানা বায়ো বাবলে রয়েছে।’

শুধু ক্রিকেটাররা নয়, টুর্নামেন্ট শেষে ছুটিতে যাবেন জাতীয় দলের বিদেশি কোচরা। গতকাল বিসিবি সূত্রে জানা গেছে, কোদের স্বদেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ ঠিক হয়নি। তবে কোচরা ছুটি পাবেন এই টুর্নামেন্টের পর। ইতিমধ্যে একজন কোচ টিকিট কিনেছেন। গতকাল সূত্র জানায়, হ্যাঁ কোচরা ছুটিতে যাবে টুর্নামেন্ট শেষ হলে। কে কে যাবে এখনই বলা যাচ্ছে না। আগে টুর্নামেন্ট শেষ হোক। অনেক দিন তো ওরা বায়ো বাবলে। এভাবে থাকা খুব কঠিন।

গতকাল অনলাইনে সংবাদ সম্মেলনে হেড কোচ রাসেল ডমিঙ্গো বলছিলেন, প্রায় ৫০ দিন ধরে বায়ো বাবল তথা জৈব সুরক্ষা বলয়ে দিন কাটছে তার। গত সেপ্টেম্বরে বাংলাদেশে এসেছিলেন ডমিঙ্গোসহ বিদেশি কোচরা। কয়েক দিন কোয়ারেন্টাইনে থাকার পর অনুশীলনে যোগ দেন তারা।