বদলি শেফার্ড
প্রায় চার মাস পর গত জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন। শ্রীলঙ্কা সফরেও ছিলেন। এবার নিউজিল্যান্ড সফর দিয়ে ফের শুরুটা করতে চেয়েছিলেন। কিন্তু আইপিএলে পাওয়া চোট ছিটকে দিয়েছে তাকে নিউজিল্যান্ড সফর থেকেও। আর এই ছিটকে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্র্যাভো।
৩৭ বছর বয়সি এই অলরাউন্ডার জানালেন, চোট কাটিয়ে আবার জাতীয় দলের হয়ে ফিরতে তিনি মরিয়া, ‘নিউজিল্যান্ড সফরের জন্য আমি মুখিয়ে ছিলাম। কারণ মার্চে শ্রীলঙ্কায় খেলার পর অনেক মাস ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে চাপাতে পারিনি। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করা নিয়েও আমরা খুব রোমাঞ্চিত। দুর্ভাগ্যজনকভাবে এই চোট আমাকে শুধু আইপিএল নয়, নিউজিল্যান্ড সফর থেকেও ছিটকে দিয়েছে।’
ওয়েস্ট ইন্ডিজ দলে ব্র্যাভোর বদলে ডাক পেয়েছেন আরেক অলরাউন্ডার রোমারিও শেফার্ড। শেফার্ড ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি।
আগামী মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ।
