চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে ২ লাখ টাকা ছিনতাই

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২১:৪৪

চট্টগ্রাম নগরীতে প্রকাশ্য দিবালোকে অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তার কাছ থেকে ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে ঐ দম্পতি ছিনতাইয়ের শিকার হন। গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর হালিশহর থানার ছোটপুল শান্তিবাগ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার মো. মাহফুজুর রহমান বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সাবেক উপমহাব্যবস্থাপক। তার বাসা শান্তিবাগ আবাসিক এলাকার তিন নম্বর সড়কে।

মাহফুজুর রহমানের স্ত্রী জান্নাতুল ফেরদৌস জানান, ২০১৭ সালে মাহফুজুর রহমান অবসরে যাবার পর পাওয়া অর্থ সঞ্চয়পত্র কিনে জমা করেছিলেন ব্যাংকে। আগামী ১৩ নভেম্বর তাদের ছেলের বিয়ে। এজন্য সঞ্চয়পত্রের বিপরীতে জমা করা অর্থ উত্তোলনের জন্য তারা নগরীর আগ্রাবাদে সোনালী ব্যাংকে গিয়েছিলেন। শান্তিবাগ আবাসিকের মুখে টেম্পো থেকে নেমে হেঁটে বাসায় ফেরার পথে একটি সিএনজি অটোরিকশায় থাকা দুর্বৃত্তরা চলন্ত অবস্থায় ছোঁ মেরে ব্যাগটি নিয়ে যায়।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ছিনতাইয়ের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।