আমার কবিতা আজ একরাশ পাতার মতন/ উড়ে যায়, দূরে যায়, বস্তুত এ-সন্ধেবেলা যায়,/ কোথায় যে যায়।
নিজের কবিতা নিয়েই সন্দিহান ছিলেন কবি। তিনি নেই কিন্তু তার কবিতা কী হারিয়ে গেছে বাংলার মানুষের হূদয় থেকে? আজ দেশের সাম্প্রতিক কালের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের ৯২তম জন্মদিন। ১৯২৯ সালের ২৩ অক্টোবর বুধবার পুরান ঢাকার মাহুতটুলির ৪৬ নম্বর বাড়িতে কবি জন্মগ্রহণ করেন। মারা যান ২০০৬ সালের ১৭ আগস্ট। কবির মায়ের নাম আমেনা খাতুন, পিতা মুখলেসুর রহমান চৌধুরী। পৈতৃক বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রামে। ১৯৫৭ সালে দৈনিক মর্নিং নিউজে সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। ১৯৫৭-১৯৫৯ রেডিও পাকিস্তানের প্রোগ্রাম প্রডিউসার ছিলেন। ১৯৬৪-১৯৭৭ দৈনিক পাকিস্তান ও দৈনিক বাংলায় সহকারী সম্পাদক এবং ১৯৭৭-১৯৮৭ দৈনিক বাংলা ও সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
তার প্রকাশিত কাব্যগ্রন্থ ৬৬টি। উপন্যাস চারটি, প্রবন্ধগ্রন্থ একটি, ছড়ার বই আটটি, অনুবাদ ছয়টি। তিনি অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। কবিকে তার পঞ্চাশ বর্ষপূর্তিতে জাতির পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় ১৯৭৯-এ এবং ষাট বর্ষপূর্তি উপলক্ষ্যে জাতীয় সংবর্ধনা দেওয়া হয় ১৯৮৯ সালে।
এদিকে কবির জন্মদিনকে সামনে রেখে কবিতা পাঠের আসর বসেছিল বাংলা একাডেমিতে। ছিল স্মৃতিচারণ ও আলোচনা পর্ব। গতকাল বিকালে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে বাংলা একাডেমি, জাতীয় কবিতা পরিষদ এবং শামসুর রাহমান স্মৃতি পরিষদের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্মরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, শিল্পমান অক্ষুণ্ন রেখেও কবিতাকে যে মানুষের কাছাকাছি নিয়ে আসা যায়—সে সত্য কবি শামসুর রাহমানের কবিতার পঙিক্ততে প্রতিষ্ঠা পেয়েছে। উদ্ভট উটের পিঠে স্বদেশকে চলতে দেখেও তিনিই সেই কবি—যিনি বলতে পারেন ‘বাংলাদেশ স্বপ্ন দ্যাখে’।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত। আলোচনা ও স্মৃতিচারণায় অংশগ্রহণ করেন বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান, কবি আসলাম সানী, ড. জালাল ফিরোজ, কবি পিয়াস মজিদ। কবিতা পাঠে অংশ নেন কবি সানাউল হক খান, ফারুক নওয়াজ, ঝর্না রহমান, খালেক বিন জয়েনউদ্দিন, তপন বাগচী, লিলি হক, হানিফ খান, হাসনাইন সাজ্জাদী, এম আর মনজু, নুরুল হালিম, মেজবাহউদ্দিন। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির উপপরিচালক কবি আমিনুর রহমান সুলতান।
