মানবতাবিরোধী অপরাধ

কায়সারকে পড়ে শোনানো হয়েছে মৃত্যু পরোয়ানা

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২২:২০

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাতীয় পার্টির সাবেক নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের মৃত্যু পরোয়ানা ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) কারা কর্মকর্তারা গ্রহণ করেছেন। গতকাল বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ ঘোষ।

তিনি বলেন, মৃত্যু পরোয়ানা সৈয়দ মোহাম্মদ কায়সারকে পড়ে শোনানো হয়েছে। জেল সুপার আরো জানান, পরোয়ানা কারাগারে আসার পরে তা পড়ে শোনানো হয়। এ সময় রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন (রিভিউ) করবেন বলে জানিয়েছেন তিনি।

এ দিকে সৈয়দ মোহাম্মদ কায়সারের আইনজীবী ব্যারিস্টার তানভীর আহমেদ আলআমীন জানিয়েছেন, মামলার রায়ের সত্যায়িত কপির জন্য আবেদন করা হয়েছে। কপি পেলে ১৫ দিনের মধ্যে রিভিউ পিটিশন দাখিল করা হবে। চলতি বছরের ১৪ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ তার আপিল আংশিক মঞ্জুর করে রায় দেয়।

একাত্তরে ১৫২ জনকে গণহত্যা, দুই নারীকে ধর্ষণ, পাঁচ জনকে আটক, অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ আদায় এবং দুই শতাধিক বাড়িঘরে অগ্নিসংযোগ, লুণ্ঠন ও ষড়যন্ত্রের ১৬টি মানবতাবিরোধী অপরাধের মধ্যে ১৪টিই প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে।