এক দিনে আরো ২৪ জনের মৃত্যুতে দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৫ হাজার ৭৪৭ জনে দাঁড়াল। একই সঙ্গে আরো ১ হাজার ৬৯৬ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ৭৪৭ জন। করোনা শনাক্তের বিবেচনায় গতকাল মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। গত ৭ অক্টোবর থেকে টানা ১৬ দিন মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।
গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯৪ হাজার ৮২৭ জন হলো। সর্বশেষ এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল গত ২১ সেপ্টেম্বর, সে দিন ১ হাজার ৭০৫ জন নতুন রোগী শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর দৈনিক আক্রান্তের সংখ্যা ১ হাজার ১০০ থেকে ১ ৬৮৪ জনের মধ্যে ঘোরাফেরা করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৬৮৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ১০ হাজার ৫৩২ জন হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৩৪ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৭ দশমিক ৭৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৮ দশমিক ৬৫ শতাংশ।
