পাত্রের বয়স ১০৫ পাত্রীর ৮০

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২২:৪৮

নাটোরে ১০৫ বছর বয়সি এক বৃদ্ধের সঙ্গে ৮০ বছর বয়সি বৃদ্ধার ধুমধাম করে বিয়ে দিয়েছেন এলাকাবাসী। বুধবার রাতে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে বৃদ্ধ-বৃদ্ধার বিয়ের অনুষ্ঠানকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

উভয়ের ছেলে-মেয়েরা মিলে পারিবারিকভাবেই এ বিয়ের আয়োজন করে। বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয় ৫০ হাজার টাকা। এলাকাবাসী বৃদ্ধ-বৃদ্ধার বিয়েতে বেশ আনন্দ করেছেন। বিয়ে উপলক্ষ্যে এলাকায় মিষ্টি বিতরণও করা হয়। বিয়েতে হাজির হয়েছিলেন বেশ কিছু গণমাধ্যমের সাংবাদিকও।  পাত্র মৃত ঈমান আলীর ছেলে আহাদ আলী মণ্ডল ওরফে আদি ও পাত্রী সোনা মিয়ার মেয়ে অমেলা বেগম। আহাদ আলী চার                পুত্র ও তিন মেয়ের জনক। অন্যদিকে আমেনা বেগমের দুই মেয়ে রয়েছে। তাদের নিঃসঙ্গতার কথা ভেবে পারিবারের দুই পক্ষ মিলে তাদের বিয়ের সিদ্ধান্ত নেন।

বিয়ের পর আহাদ আলী মণ্ডল তার প্রতিক্রিয়ায় জানান, তাদের ছেলেমেয়ে ও নাতি-নাতনী থাকলেও নিজেদের নিঃসঙ্গতা কাটাতেই তারা এ বিয়ের সিদ্ধান্ত নেন। ছেলেমেয়ের সম্মতি থাকায় বিয়েতে রাজি হয়েছেন। অমেলা বেগম জানান, ছেলেমেয়েদের সম্মতিতেই বিয়ে করেছেন।