সুরঞ্জিতের সমাবেশে বোমা হামলা ও কিবরিয়া হত্যা মামলায় চার্জ গঠন

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২২:৫১

সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে বোমা হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা এবং সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া হত্যার বিস্ফোরক মামলায় বৃহস্পতিবার চার্জ গঠন করেছেন সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহারিয়ার কবিরের আদালতে এই মামলার অভিযোগ গঠন করা হয়। এ সময় আদালতে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের সাবেক মেয়র জিকে গৌছ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরসহ কয়েক জন আসামিকে উপস্থিত করা হয়।

সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালে কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য হয়নি। তবে ঐ ঘটনায় বিস্ফোরক মামলার চার্জ গঠন ও সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে বোমা হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক মামলায় পৃথক চার্জ গঠন করা হয় আসামিদের উপস্থিতিতে। আলোচিত এসব মামলার পরবর্তী তারিখ ১৮ নভেম্বর।

তিনি আরো জানান, সুরঞ্জিত সেন গুপ্তের সমাবেশে বোমা হামলায় হতাহতের ঘটনায় আসামি ১০ জন। কিবরিয়া হত্যা মামলার আসামি ২৮ জন। এসব                মামলায় সিলেটের মেয়র আরিফ, হবিগঞ্জের সাবেক মেয়র গৌছ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর আসামি হিসেবে আছেন।

এদিকে শাহ এ এম এস কিবরিয়া নিহতের ঘটনায় দুইটি মামলার মধ্যে বিস্ফোরক ছুড়ার মামলায় চার্জ গঠন হলেও হত্যা মামলায় সাক্ষী উপস্থিত না থাকায় চার্জ গঠন করা হয়নি।