নির্বাচন কমিশনের (ইসি) মামলায় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরীকে উচ্চ আদালতের দেওয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগের চেম্বার আদালত। ঐ জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে গতকাল বৃহস্পতিবার সাড়া দেয়নি (নো-অর্ডার) আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান। চেম্বার আদালতের এই আদেশের ফলে নিক্সন চৌধুরীকে হাইকোর্টের দেওয়া আট সপ্তাহের আগাম জামিন বহাল রইল।
গত ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ঐ নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে গত ১৫ অক্টোবর ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে থানায় মামলা করেন ফরিদপুরের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম। মামলা দায়েরের পর তা মিথ্যা ও বানোয়াট আখ্যায়িত করে এমপি নিক্সন চৌধুরীর নেতাকর্মীরা তিন উপজেলাতেই বিক্ষোভ প্রদর্শন করেন। এছাড়া ঢাকায় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসব সভা-সমাবেশ থেকে ইসির মামলা অবিলম্বে প্রত্যাহারেরও দাবি জানানো হয়।
গত মঙ্গলবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ মামলায় নিক্সন চৌধুরীকে আট সপ্তাহের আগাম জামিন দেন। ঐ জামিন স্থগিত চেয়ে গতকাল আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। বিকালে স্থগিত ঐ আবেদনের ওপর সংক্ষিপ্ত শুনানি হয়। শুনানিতে নিক্সন চৌধুরীর পক্ষে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার ও সাঈদ আহমেদ রাজা এবং রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুল ইসলাম শুনানি করেন। শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের জামিন আদেশ বহাল রাখেন। আদালত বলেন, যেহেতু সংক্ষিপ্ত সময়ের আগাম জামিন, তাই এতে হস্তক্ষেপ করছি না। নো অর্ডার।
পরে সাঈদ আহমেদ রাজা ইত্তেফাককে বলেন, জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনে নো অর্ডার দেওয়ায় হাইকোর্টের আদেশ বহাল থাকছে।
