সিলেটের পুলিশ কমিশনারসহ ১৯ কর্মকর্তাকে বদলি

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২২:৫৭

সিলেট মহানগর পুলিশের কমিশনার (এসএমপি) গোলাম কিবরিয়াসহ ১৯ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে এ বদলির আদেশ জারি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তাদের বদলি ও পদায়ন করা হলো।

সিলেটের নতুন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটেলিয়নের (এসপিবিএন) ডিআইজি নিশারুল আরিফকে। এছাড়া সিআইডির এসপি মোশাররফ হোসাইনকে রাজশাহী পুলিশ অ্যাকাডেমিতে, র্যাবের পরিচালক কাইয়ুমুজ্জামান খানকে নৌ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি পদে, সিআইডির শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে র্যাবের পরিচালক পদে, পুলিশ টেলিকমের অ্যাডিশনাল ডিআইজি কাজী জিয়াউদ্দিনকে পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি পদে, পুলিশ সদর দপ্তরের এআইজি এম এ জলিলকে শিল্পাঞ্চল পুলিশের খুলনা অঞ্চলের এসপি পদে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এআইজি তানভীর মমতাজকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের  উপ-কমিশনার পদে, অ্যান্টি টেরোরিজম ইউনিটের এসপি মোহাম্মদ সুলাইমানকে শিল্পাঞ্চল পুলিশের চট্টগ্রাম অঞ্চলের এসপি পদে, পুলিশ সদর দপ্তরের এআইজি মো. কামরুজ্জামানকে নৌ-পুলিশের চাঁদপুরের এসপি পদে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সুনন্দা রায়কে পুলিশ সদর দপ্তরের এআইজি পদে, শিল্পাঞ্চল পুলিশের খুলনা অঞ্চলের এসপি নজরুল ইসলামকে পুলিশ সদর দপ্তরের এআইজি পদে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি মোহাম্মদ শরিফুর রহমানকে নৌ-পুলিশের খুলনা অঞ্চলের এসপি পদে বদলি করা হয়েছে।