সিলেটে পু‌লিশ ক‌মিশনারকে বদ‌লি

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২২:৫৭

ফাঁড়িতে ‘পুলিশি নির্যাতনে’ যুবকের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত রয়েছে সিলেট। এ ঘটনায় অভিযুক্ত এসআই আকবর হোসেন এখনো পলাতক রয়েছেন। এরই মধ্যে সিলেট মে‌ট্রোপ‌লিটন পু‌লিশ ক‌মিশনার গোলাম কিব‌রিয়া‌ পিপিএমকে বদ‌লি করা হ‌য়েছে।  

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বদ‌লির আদেশ প্রদান করা হয় বলে জানা গেছে।

তার বদলে সিলেট মে‌ট্রোপ‌লিটন পু‌লিশ ক‌মিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশেষ নিরাপত্তা ও সুরক্ষা ব্যাটালিয়ন (এসপিবিএন)-এর উপ-পু‌লিশ মহাপ‌রিদর্শক ‌নিশারুল আরিফ। 

১১ অক্টোবর ভোরে পুলিশের নির্যাতনে রায়হান উদ্দিন (৩৩) নামে এক যুবক নিহত হওয়ার অভিযোগ তুলেন তার স্বজনরা। নিহত ওই যুবক সিলেটের আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। 

এ ঘটনায় দিন দিবাগত রাতে নিহত রায়হানের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত কয়েকজন আসামি করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে তদন্ত করছে পিবিআই।

এদিকে ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. মো. শামসুল ইসলাম জানান, অস্ত্রের আঘাতই রায়হানের শরীরে বেশি জখম হয়েছে।  রায়হানের ২য় ময়নাতদন্তের প্রতিবেদন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতিনিধি দলের কাছে  করা হয়েছে। 

ইত্তেফাক/জেডএইচ