জেলার চাটখিলে ধর্ষণ মামলায় গ্রেফতারকৃত ও বহিষ্কৃত যুবলীগ নেতা মজিবুল রহমান শরীফকে (৩২) পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলার ৭নং আমলি আদালতে তাকে হাজির করে পুলিশ। এ সময় ধর্ষণ ও অস্ত্র মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
পরে বিকালে আদালত বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (ক্ষমতাপ্রাপ্ত) মোহাম্মদ সাঈদীন নাঁহীর শুনানী শেষে ধর্ষণ মামলায় ৩ দিন ও অস্ত্র মামলায় ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ দুলাল মিয়া বিষয়টি নিশ্চিত করেন। বুধবার ভোরে নিজ বাড়িতে এক প্রবাসির স্ত্রীকে ঘরে ঢুকে ধর্ষণ এবং ভিডিও চিত্র ধারণের অভিযোগে ওই নারী বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা করেন।
রাতে শরীফের বাড়ি থেকে বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, বিয়ারের খালি বোতল, ৫টি মোবাইল, ১ প্যাকেট কনডম ও ১টি ল্যাপটপ জব্দ করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক একটি মামলা দায়ের করে। সে নোয়াখলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইয়াছিন বাজার এলাকার রফিকুল ইসলাম খোকনের ছেলে এবং নোয়াখলা ইউনিয়ন যুবলীগের (পশ্চিম) সভাপতি ছিলেন। এ ঘটনার পর তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।
ইত্তেফাক/আরকেজি
