‘আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধে ৫ হাজার মানুষ মারা গেছে’

আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ২০:২৮

বিবিসি

বিতর্কিত নাগোর্নো-কারাবাখ অঞ্চলকে কেন্দ্র করে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে হওয়া যুদ্ধে প্রায় ৫ হাজার মানুষ মারা গেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর্মেনিয়া ও আজারবাইজান দুই পক্ষ যে পরিমাণ হতাহতের কথা জানিয়েছে, তার চেয়ে মৃত্যুর এই সংখ্যাটি অনেক বেশি।

পুতিন বলেছেন, তিনি প্রতিদিন একাধিকবার দুই পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং এই যুদ্ধে কোনো এক পক্ষের সমর্থন করবেন না তিনি। তিনি জানিয়েছেন, যুদ্ধে আজারবাইজানকে সমর্থন করা তুরস্কের সঙ্গে ভিন্নমত পোষণ করে মস্কো। নাগোর্নো-কারাবাখ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে যুক্তরাষ্ট্রের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি। নাগোর্নো-কারাবাখে মানবিক দৃষ্টিকোণ থেকে যুদ্ধবিরতির সমঝোতায় পৌঁছানো হলেও শেষ পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হয়নি। আর্মেনিয়া ও আজারবাইজান দুই দেশ একে অপরকে ?যুদ্ধবিরতি ভঙ্গ করার জন্য দোষারোপ করেছে। টেলিভিশনে প্রচারিত ভাষণে প্রেসিডেন্ট পুতিন বলেন, দুই পক্ষেরই বহু মানুষ হতাহত হয়েছে। উভয় পক্ষেই ২ হাজারের বেশি মানুষ মারা গেছে। আনুষ্ঠানিকভাবে পাওয়া সবশেষ তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা ছিল ১ হাজারের কম। নাগোর্নো-কারাবাখ অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, ২৭ সেপ্টেম্বর থেকে ঐ অঞ্চলে ৮৭৪ জন সেনাসদস্য এবং ৩৭ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে।

আজারবাইজানের পক্ষ থেকে বলা হয়েছে, ৬১ জন আজেরী বেসামরিক নাগরিক মারা গেছেন। কিন্তু সেনাবাহিনীর কত জন মারা গেছেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি। পুতিন জানিয়েছেন, এই ইস্যু নিয়ে তিনি আর্মেনিয়ার প্রধানমন্ত্রী ও আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। সেখানে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে তিনি সবকিছু করে যাবেন বলে তিনি তার আশাবাদ ব্যক্ত করেন।