সোহেল সারোয়ার চঞ্চল
করোনার কারণে লকডাউনের সময় সাত মাস ঘরে বসা ছিলেন ফুটবলাররা। মাঠের অনুশীলন ঘরে, কতোটাই বা করা যায়। একবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ ঘিরে ফুটবলারদের ক্যাম্প শুরু হয়েছিল জুলাইয়ে। ফিফা খেলা স্থগিত করায় সেবার পাঁচ দিনের মাথায় ক্যাম্প বন্ধ হয়। ১৩ ও ১৭ নভেম্বর ফিফার প্রীতি ম্যাচের উইনডো কাজে লাগাতে তড়িঘড়ি করে ক্যাম্প ডাকল ন্যাশনাল টিমস কমিটি। হাতে মাত্র ২০ দিন সময়। এ সময়ের মধ্যে কীভাবে আন্তর্জাতিক ম্যাচে খেলোয়াড়রা নিজেদের তুলে ধরবে? সেই চ্যালেঞ্জ সামনে এসে দাঁড়িয়েছে। ‘এটা কঠিন চ্যালেঞ্জ। এই স্বল্প সময়ের মধ্যে প্রস্তুত হওয়া এটা কঠিন। তার পরও সব কিছু মিলিয়ে ভালো লাগছে, অনেক দিন পর সবাই মিলে ফুটবলে ফেরা—বললেন গোলকিপার আশরাফুল রানা।
গতকাল বিকালে খেলোয়াড়রা একে একে হোটেলের রিসিপশনে জড়ো হচ্ছিলেন। সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার, পারভেজ বাবু, গোলাম জিলানীরা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ঘুরে আসলেন। মাঠ দেখে এসে বললেন, ‘ঘাস কাটা হয়েছে। আগামীকাল সকালে সেখানে অনুশীলন শুরু হবে।’ কায়সার বললেন, ‘এটা নির্ভর করছে বৃষ্টির ওপর। প্রথম দিনে ওয়ার্মআপ হবে।’ পেছনেই ডিফেন্ডার রায়হান, গোলকিপার রানা রুমের চাবি বুঝে নিচ্ছিলেন। লম্বা থ্রো রায়হানের আলাদা বৈশিষ্ট্য। মোহামেডানের সেই আবুল, আবাহনীর আলমগীর, মুক্তিযোদ্ধার বেলালের পর টাঙ্গাইলের রায়হান হাসানের লম্বা থ্রো ফুটবল দর্শকের নজর কেড়েছে। লকডাউনের কারণে রায়হান খুব একটা চর্চা করতে পারেননি। বলছিলেন, ‘টাঙ্গাইলে একটা মাঠে কয়েক দিন থ্রো চর্চাটা করতে পেরেছি।’
রহমত মিয়া দারুণ খুশি, ‘এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। একটা প্লেয়ার হিসাবে কে না চায় মাঠে নামতে। এত দিন বাসায় জিমে সময় কাটাতে হয়েছে।’
৩৬ জনের প্রাথমিক ক্যাম্পে নতুন মুখের অন্যতম ফুটবলার পুলিশের ম্যাথিউস বাবলু আক্রমণভাগে খেলছেন। যেখানে নাবীব নেওয়াজ জীবন, মতিন মিয়া, ইব্রাহিমরা খেলছেন। সেখানে নিজের জায়গা করা কঠিন হলেও চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামতে চান বাবলু। পুলিশের মিডফিল্ডার নাজমুল ইসলাম রাসেল বললেন, ‘চ্যালেঞ্জ নিতেই এসেছি। ফুটবলে চ্যালেঞ্জ না নিলে টিকে থাকা যায় না।’
বসুন্ধরার ১৪ ফুটবলারের মধ্যে ১২ জন আগামী মঙ্গলবার ক্যাম্পে যোগ দেবেন। মাসুক মিয়া জনি এবং মতিন মিয়া ক্যাম্পে আসছেন না। তাদের ক্লাব থেকে বলা হচ্ছে ইনজুরি। বাকি ফুটবলাররা ক্যাম্পে ঢুকবেন বলে বাফুফে জানিয়েছে। বসুন্ধরা এবং বাফুফের মধ্যে আলোচনার প্রেক্ষিতে ক্লাবটির খেলোয়াড়রা ক্যাম্পে আসছেন। এদিকে জাতীয় দলের কোচ জেমি ডে ২৯ অক্টোবর সকালে ঢাকায় নামবেন।
