সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সরকারের অসহায় ও অসচ্ছল মানুষের জন্য চালু খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেওয়া ১০ টাকা কেজির চালের সুবিধাভোগীর কার্ড আত্মসাত্ ও ওজনে কম দেওয়ার অভিযোগে ডিলারের লাইসেন্স বাতিল এবং জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নে এ ঘটনা ঘটে। ডিলারের নাম আবু সাইদ চৌধুরী বাবু। তিনি ৩০ কেজির জায়গায় ২৫ থেকে ২৭ কেজি করে চাল দেওয়ায় সুবিধাভোগী প্রতিবাদ করলেই তাদের নানাভাবে হয়রানি ও অপমান করা হতো। এ নিয়ে অভিযোগ করায় অনেকের কার্ড কেড়ে নিয়ে আত্মসাত্ করেছে ডিলার। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন ১ নম্বর ওয়ার্ডের বোতলাগাড়ী নাপিতপাড়ার অশ্বিনী চন্দ্র, রনজিত্ চন্দ্র, তাঁতিপাড়ার মো. মজিদুল, ধুলাতিপাড়ার মো. জাহিদুল ও পশ্চিম হাজীপাড়ার আব্দুল খালেক। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় ডিলারের লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। চাল আত্মসাত্ ও কার্ড কেড়ে নেওয়ার কারণে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
