মানুষকে মানুষ বলা হইয়া থাকে কারণ তাহার মধ্যে রহিয়াছে মানবিকতা, বোধ-বিবেক, হিতাহিত জ্ঞান, ভালো-মন্দ যাচাই করার সক্ষমতা, যাহা মানুষ ভিন্ন অন্য কোনো প্রাণী বা জীবের মধ্যে অনুপস্থিত। মানবিকতা হইল এমন একটি বিশেষ গুণ যাহা মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াইবার অনুপ্রেরণা দেয়, মানবাধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট করিয়া তুলে এবং মানুষে মানুষে ভ্রাতৃত্বের বন্ধন গড়িয়া দেয়। আমাদের সমাজ ও রাষ্ট্রব্যবস্থার বর্তমান পরিস্থিতিতে মানুষ তাহাদের উপর অর্পিত দায়িত্ব পালনের অংশ হিসাবে যখন কোনো নৈতিক ও মানবিক কাজ করিয়া থাকে তখন সাধারণ মানুষের নিকট বাহবা পাইয়া থাকে। অথচ মানবিকতা কথাটির সহিত কর্তব্যবোধ ওতোপ্রোতভাবে জড়িত।
পত্রপত্রিকা, টিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা প্রায়শই দেখিয়া থাকি নির্বাচিত জনপ্রতিনিধিগণ, পুলিশ ও সরকারের নির্বাহী ক্ষমতাপ্রাপ্ত অফিসারগণ বিভিন্ন সময়ে সাধারণ মানুষের পাশে গিয়া দাঁড়ান, মানবিকতার হাত বাড়াইয়া দিয়া থাকেন। তাহাই তো হইবার কথা। গতকাল ইত্তেফাকে প্রকাশ, বাঁকা পায়ে জন্ম নেওয়ায় পিতামাতা কর্তৃক মসজিদের সামনে ফেলিয়া যাওয়া শিশুকে ধামরাই থানার ওসি নিজ দায়িত্বে সুচিকিত্সার ব্যবস্থা করিয়া বেবিহোমে নিরাপদ আশ্রয়ে তুলিয়া দিয়াছেন। গত আগস্ট মাসে কক্সবাজারে রাস্তার পাশে অচেতন পড়িয়া থাকা মানসিক ভারসাম্যহীন এক প্রসূতি মা এবং সদ্য নবজাতককে পুলিশের একটি দল উদ্ধার করিয়া হাসপাতালে নিয়া চিকিত্সার ব্যবস্থা করিয়াছে। মানিকগঞ্জের হরিরামপুরে বেদে ও শান্দার সম্প্রদায়ের মানুষের কবরস্থানের জন্য জমি কেনার নিমিত্তে আগাইয়া আসে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদস্যসচিব এবং স্থানীয় কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। টাঙ্গাইলের সখীপুরে গত মে মাসে করোনা মহামারির মাঝে একই পরিবারের পাঁচ জন সদস্য করোনা আক্রান্ত হওয়ায় যখন এলাকাবাসী অসহিষ্ণু হইয়া উঠে তখন পরিবারটির পাশে গিয়া দাঁড়ান সখীপুরের ইউএনও মহোদয়। এই রকম আরো কিছু ঘটনা প্রায়শই পত্রিকায় ও সামাজিক গণমাধ্যমে আমরা দেখিতে পাইতেছি। নিঃসন্দেহে এই সংবাদগুলি আমাদের আশাব্যঞ্জক করিয়া তুলে।
মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করিয়া এই সকল মানুষ আমাদের চোখে আঙ্গুল দিয়া দেখাইয়া দেয় ধর্ম, বর্ণ, জাতি, সামাজিক অবস্থান সকল কিছুর ঊর্ধ্বেই রহিয়াছে মানবিকতা। মানবিকতার কোনো জাত নাই, ধর্ম নাই, নাই ক্ষমতা এবং স্বার্থের বিভেদ। এই কথা মাথায় রাখিয়া জনপ্রতিনিধিগণ এবং সরকারের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাগণ তাহাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করিবেন বলিয়া আমাদের আশা। দেশ স্বাধীন হইয়াছে প্রায় অর্ধশতাব্দী হইতে চলিল। এই সময়ের মধ্যে আমরা সকল কিছু অর্জন করিতে পারি নাই। আবার যাহা অর্জিত হইয়াছে তাহাও কম নহে। নিশ্চয়ই আরো হইবে। মানবতা আরো, অসহায়ের পাশে দাঁড়াইবার বোধ বৃদ্ধি পাইবে। প্রয়োজন ধৈর্য ধরা।
আল্লাহ তায়ালা পবিত্র কোরআন শরিফে বলিয়াছেন, ‘তোমাদের সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে বাছাই করা হইয়াছে মানবের কল্যাণের জন্য।’ (সুরা আল ইমরান-১১০)। সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হিসাবে মানুষের দিকে সাহায্য-সহযোগিতার হাত যখন আরো প্রসারিত হইবে তখনই সমাজ ও রাষ্ট্র অমানবিকতার করালগ্রাস হইতে মুক্ত হইয়া সভ্যতার পথ খুঁজিয়া লইবে।
