নারীদের স্বাবলম্বী করতে ব্যতিক্রমী উদ্যোগ

আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ২২:১৬

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারীদের উদ্যোক্তা ও স্বাবলম্বী করতে বেকিং কুকিং হোম মেইড সার্ভিস প্রশিক্ষণ প্রদান করছে নারায়ণগঞ্জের একটি প্রতিষ্ঠান। পানকৌড়ি কিচেন অ্যান্ড ট্রেনিং সেন্টার নামের ঐ প্রতিষ্ঠান বুধবার চাষাঢ়ার একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রাপ্ত শতাধিক তরুণী প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করে। এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভী। প্রশিক্ষণ প্রাপ্তরা অনুষ্ঠানে বাসা থেকে তৈরি বিভিন্ন ধরনের খাবার সামগ্রী পরিবেশন করেন।

সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ব মাস্টার শেফ সোসাইটি থেকে বাংলাদেশের প্রথম মাস্টার শেফ হওয়ার গৌরব অর্জনকারী ড্যানিয়েল সি গোমেজ, এক্সিকিউটিভ সেফ আলী আজম, সুপার সেফ নাদিম সরকার, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসেসর তানিয়া শারমিন। সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আইভী বলেন, মেয়েদের স্বাবলম্বী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে তিনি সব ধরনের সহযোগিতা করবেন। একই সঙ্গে তিনি জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মেয়েদের জন্য ‘আঙ্গিনা’ নামে একটি মার্কেট নির্মাণ করা হবে।