প্লাস্টিকের বালতির জন্য ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ২২:১৭

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই নিহত হয়েছে। এ ঘটনায় ছোট ভাইয়ের স্ত্রীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকালে উপজেলার ব্রাহ্মন্দী ষাড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

এলাকাবাসীর বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, ঝড়ে কলাগাছ পড়ে বড় ভাই ফজলুল হকের ব্যবহূত একটি প্লাস্টিকের বালতি ভেঙে যায়। এজন্য সে তার ছোট ভাই এবাদুল্লাহকে নতুন বালতি কিনে দিতে বলেন। এর ক্ষোভে ছোট ভাই এবাদুল্লাহ, তার স্ত্রী সেলিনা বেগম ও ছেলে সাকিব মিলে ফজলুল হককে মারধর করে। এ সময় এবাদুল্লাহ বড় ভাই ফজলুল হকের মাথায় ইট দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তিনি নিহত হন। তিনি আরো বলেন, এ ঘটনায় এবাদুল্লাহর স্ত্রী সেলিনা বেগমকে আটক করা হয়েছে। এবাদুল্লাহ ও তার ছেলে সাকিব পলাতক। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গতকাল বিকালে রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।