এক দিনে ১৪ মৃতের ১২ জনই ঢাকায়

আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ২২:২৪

দেশে করোনা ভাইরাসে এক দিনে ১৪ জন মৃত্যুর মধ্যে ১২ জনই ঢাকা বিভাগের। বাকি দুই জন রাজশাহী বিভাগের বাসিন্দা ছিলেন। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১১৯ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৫৮৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯৬ হাজার ৪১৩ জন হলো। আর মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৭৬১ জনে দাঁড়াল।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৫৩৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ১২ হাজার ৬৫ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১১টি ল্যাবে ১৪ হাজার ১১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২২ লাখ ৩৫ হাজার ৪৮৮টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ২৩ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৭ দশমিক ৭৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৮ দশমিক ৭২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৩ জন, নারী এক জন। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন। মৃতদের মধ্যে ১২ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, এক জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্য এবং এক জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছিল।