বকেয়া ভাড়ার জন্য ভাড়াটিয়াকে পিটিয়ে মারলেন বাড়িওয়ালা!

আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ২২:২৫

নারায়ণগঞ্জের বন্দরে বকেয়া বাড়ি ভাড়া না দেওয়ায় ফয়েজ (৪০) নামে এক ভাড়াটিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাড়ির মালিক উম্মে কুলসুমের বিরুদ্ধে। গতকাল শুক্রবার সকালে পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার উম্মে কুলসুমের বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় পুলিশ বাড়ির মালিকসহ তিন জনকে আটক করেছে। নিহত মো. ফয়েজ মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন চরবলাকী গ্রামের আবুল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, উম্মে কুলসুমের বাড়িতে বাসা ভাড়া নিয়ে মো. ফয়েজ তার স্ত্রী, সন্তান নিয়ে বসবাস করছিলেন। করোনা মহামারিকালে কোথাও কাজ না থাকায় বেকার হয়ে পড়েন ফয়েজ। ফলে বাড়ি ভাড়া ঠিকমতো পরিশোধ করতে পারছিলেন না তিনি। কয়েক মাসের ভাড়া বাকি পড়ে যায়। বকেয়া বাড়ি ভাড়া দ্রুত পরিশোধ করতে গত বৃহস্পতিবার রাতে বাড়ির মালিক উম্মে কুলসুম ভাড়াটিয়া মো. ফয়েজ ও তার স্ত্রী রোজিনা বেগমকে চাপ দেন। একপর্যায়ে তাদের মধ্যে বাগিবতণ্ডা হয়।

এ ঘটনার জের ধরে গতকাল সকাল ১১টার দিকে উম্মে কুলসুম এবং তার আরেক ভাড়াটিয়া মহিউদ্দিন ও তার স্ত্রী শিরিনা মিলে বকেয়া ভাড়া পরিশোধ করতে না পারলে এখনই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে বলে মো. ফয়েজ ও তার স্ত্রী রোজিনাকে হুমকি দেন ও গালাগালি করেন। একপর্যায়ে উম্মে কুলসুম, মহিউদ্দিন ও শিরিনা মিলে ফয়েজকে পিটিয়ে জখম করে। আহত ফয়েজ মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেললে তার স্ত্রী রোজিনা বেগম কান্নাকাটি করতে থাকেন।            এসময় আশপাশের লোকজন এসে ফয়েজকে নারায়ণগঞ্জ সদরের জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার ওসি মো. ফখরুদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় বাড়ির মালিকসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে এবং বন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে।