দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙতে কাজ করছে সরকার :কাদের

আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ২২:৩০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, দ্রব্যমূল্য ওঠানামার পেছনে বাজারে একটা সিন্ডিকেট সব সময় কাজ করে। সিন্ডিকেট ভাঙতে কাজ করছে সরকার। গতকাল শুক্রবার ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে তিনি একথা বলেন। এর আগে সেখানে তিনি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।

সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেটের কাছে হেরে যাচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের সার্বিক পরিস্থিতির দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়ে বলেন, ‘আপনারা প্রতিবেশী সব দেশের দিকে তাকান, এই করোনা পরিস্থিতিতে বাজারমূল্য, কোথাও আমদানি-রপ্তানিতে আগের পর্যায়ে কেউ নেই এবং এখানে উত্পাদনেরও একটা ব্যাপার আছে। সরকারের চেষ্টার ফলে ভারতীয় পেঁয়াজ আসতে শুরু করেছে। অন্যান্য  জিনিসপত্রের দামও ওঠানামা করবে। এখন বর্ষা, এ সময়ে একটু দ্রব্যমূল্য বাড়ে, আবার এগুলো ঠিকও হয়ে আসে।

ওবায়দুল কাদের বলেন, সরকার কোনো অপরাধীকে ছাড় দিচ্ছে না। এই যে ধর্ষণবিরোধী, নারী নির্যাতনবিরোধী আন্দোলন, সামাজিক আন্দোলন—সেখানেও আমাদের পার্টি আছে। ধর্ষণ-নারী নির্যাতনের সঙ্গে যারাই জড়িত, কোনো অপরাধীকে ছাড় দেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো প্রকার আপস করা হয়নি।

বিএনপির আন্দোলনের আহ্বান নিয়ে কটাক্ষ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারা বারবার প্রত্যাখ্যাত হয়ে বারবার বিফ্রিং করে আন্দোলনের ডাক দিচ্ছেন। পরীক্ষার পরে আন্দোলন, রোজার ঈদের পরে আন্দোলন, কখনো কোরবানির পরে আন্দোলন; কত রোজা গেল, ঈদ কত গেল, কত পরীক্ষা চলে গেল, এ বছর না ঐ বছর, আন্দোলন করে বিএনপি। তিনি বলেন, ‘বিএনপির পুনর্নির্বাচনের দাবি অযৌক্তিক। নির্বাচন এলেই সরকার এবং নির্বাচন কমিশনকে দোষারোপ করতে তাদের অপতত্পরতা শুরু হয়। তারা সব সময় নির্বাচনকে বিতর্কিত করতে চায়।

আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমের কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, করোনাকালে গত সাত মাস ধরেই আমাদের রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রম ছিল। বন্যা মোকাবিলা, ঘূর্ণিঝড় আম্ফান ও বৈশ্বিক মহামারি করোনা মোকাবিলায় নেতাকর্মীরা সারা দেশে সক্রিয় ছিল। আগামী মাস থেকে দলীয় কর্মকাণ্ড পুরোদমে শুরু হচ্ছে বলে জানান তিনি।

সাংবাদিক পীর হাবিবুর রহমানের নিজ ফ্ল্যাটে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা গুজব ছড়িয়ে সাংবাদিক পীর হাবিবুর রহমানের বাসায় বর্বরোচিত হামলা করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। জড়িতদের শাস্তির আওতায় আনা হবে। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ত্রাণ ও সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আব্দুুস সবুর, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, আহমদ হোসেন, আফজাল হোসেন, মির্জা আজম, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাহাবুদ্দিন ফরাজী, সানজিদা খানম, আনোয়ার হোসেন, এ বি এম রিয়াজুল কবির কাওছারসহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।