দেশের বিশিষ্ট আইনজ্ঞ ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক লাইফ সাপোর্টেই রয়েছেন। তার অবস্থা এখনো সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিত্সকরা। ব্যারিস্টার রফিক-উল হকের সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে গতকাল শুক্রবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আদ্-দ্বীন হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন। তিনি বলেন, স্যারের রক্তের পরীক্ষানিরীক্ষাগুলো করা হয়েছে। কিন্তু তাতে খুব একটা উন্নতি দেখা যাচ্ছে না। মেডিক্যাল বোর্ডের চিকিত্সকদের সঙ্গে কথা বলেছি। উনারা সবাই স্যারকে দেখেছেন। তারাও বলেছেন, স্যারের অবস্থা সংকটাপন্ন। আমাদের আল্লাহতায়ালার কাছে দোয়া করা ছাড়া আর কিছু করার নেই। আমরা চেষ্টা করে যাচ্ছি। ডা. নাহিদ বলেন, আমরা দোয়া করছি আল্লাহতায়ালা যেন স্যারকে দ্রুত সুস্থ করে দেন। উনি যেন দ্রুত সুস্থ হয়ে যান। আপনারাও স্যারের জন্য দোয়া করবেন।
এদিকে গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস হাসপাতালে গিয়ে রফিক-উল হকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এছাড়া তার শুভাকাঙ্ক্ষীরা বিভিন্ন সময়ে শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নিচ্ছেন। ব্যারিস্টার রফিক-উল হকের একমাত্র পুত্র কানাডায় রয়েছেন। তিনি সেখান থেকে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং চিকিত্সার খোঁজ নিচ্ছেন।
প্রসঙ্গত গত ১৫ অক্টোবর আদ্-দ্বীন হাসপাতালে ভর্তি হন ব্যারিস্টার রফিক। প্রথম দিকে তাকে কেবিনে রেখে চিকিত্সা দেওয়া হয়েছিল। কিন্তু অবস্থা কিছুটা জটিল হওয়ায় তাকে হাই ডিপেনডেন্সি কেয়ার ইউনিটে (এইচডিইউ) ভর্তি করা হয়। গত ২০ অক্টোবর তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে তাকে দ্রুত লাইফ সাপোর্টে নেওয়া হয়। ঐ সময় তার ব্লাড প্রেশার ও অক্সিজেন স্যাচুরেশন কমে যায়। এতে স্যার (রফিক-উল হক) শকে চলে যান। এখন পর্যন্ত তিনি সেখানেই আছেন।
