রাজধানীর পল্লবীতে অজ্ঞাতনামা এক বা একাধিক ব্যক্তির ছুরিকাঘাতে রিপন (২৮) নামে একজন যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে পল্লবী থানাধীন ১১ নম্বর সেকশনের বড় মসজিদের পাশে ঘটনাটি ঘটে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক রিপনকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, রিপন কাওরান বাজার এলাকায় একটি গার্মেন্টসে কাজ করতেন। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রফিকপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি কাওরান বাজার খ্রিস্টান পাড়ায় বাসা ভাড়া নিয়েছিলেন।
নিহতের বড় ভাই একরামুল জানান, রিপন গতকাল রাতে পল্লবী এলাকায় তাদের দূরসম্পর্কের বোন পারভীনের বাসায় গিয়েছিল। তাদের বাসা থেকে বের হয়ে রিপন পল্লবী বড় মসজিদের পাশে আসলে কে বা কারা তার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা রিপনের বুকের ডান পাশে উপর্যুপরি ছুরিকাঘাত করে। রাতে পারভীন ফোন করে জানান, তার ছোট ভাইকে কে বা কারা ছুরিকাঘাত করেছে।
