যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বর আসন্ন নির্বাচনে মহাকাশ থেকেই ভোট দিলেন মার্কিন নভোচারী কেট রুবিনস। নির্বাচনের সময় মহাকাশে থাকবেন তিনি, তাই সেখান থেকেই আগাম ভোট দিলেন। নাসা জানায়, অন্য সবার মতোই ভোটদানের ফরম পূরণ করে আগাম ভোটের সুযোগ চেয়ে আবেদন করতে হয়েছিল রুবিনসকে। এর আগেও ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও মহাকাশ থেকে ভোট দিয়েছিলেন এই নভোচারী। তার সাথে ভোট দিয়েছিলেন আরেক সহকর্মী শেন কিমবরোও। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে ভোট দিতে পেরে নিজেকে ভীষণ ভাগ্যবান বলে মন্তব্য করেছেন রুবিনস।
উল্লেখ্য, এবার করোনা পরিস্থিতির কারণে নির্বাচনের দিন শশরীরে ভোটকেন্দ্রে যাওয়ার ঝামেলা এড়াতে অনেক ভোটারই আগাম ভোট দিচ্ছেন। ইতিমধ্যে ৫ কোটির বেশি আগাম ভোট পড়েছে বলে জানা গেছে।—বিবিসি
