রামগতিতে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা দাফন মোহাম্মদ হোসেন

আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১০:১৮

লক্ষ্মীপুরের রামগতিতে শুক্রবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেনকে (৬৮) রাষ্ট্রীয় মর্যাদায় পৌরসভার চর সেকান্দর এলাকায় নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মুগদা জেনারেল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.. রাজিউন)।

মোহাম্মদ হোসেন কয়েক দিন ধরে শ্বাসকষ্ট ও বিভিন্ন রোগে আক্রান্ত হলে বুধবার তাকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে যান। তাকে শুক্রবার বিকেলেই রাষ্ট্রীয় মর্যাদায় সরকারের পক্ষ থেকে স্যালুট ও গার্ড অব অনার দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মোমিন। এসময় এসআই ইকবাল হোসেনের নেতৃত্বে রামগতি থানা পুলিশের একটি চৌকষ দল মুক্তিযোদ্ধাকে স্যালুট ও গার্ড অব অনার দেওয়া হয়। মুক্তিযোদ্ধা মোহাম্ম্দ হোসেন বাংলাদেশ টিএন্ডটি বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মচারি ছিলেন এবং কয়েক বছর জাতীয় সমাজতান্দ্রিক দল-জেএসডির দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুতে জেএসডির সভাপতি ও সাবেক মন্ত্রী আ স ম আবদুর রব, স্থানীয় সংসদ সদস্য মেজর (অব.) আব্দুল মান্নান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফউদ্দিন আজাদ সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মোমিন, রামগতি পৌরসভার মেয়র এম মেজবাহ উদ্দিন শোক প্রকাশ করেন।

ইত্তেফাক/এমআরএম