চট্টগ্রামের সাতকানিয়ায় মোটরসাইকেল চোর সিন্ডিকেটের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম শফিকুল ইসলাম প্রকাশ মিয়া (৩৮)।
শনিবার ভোর ৫টায় উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বাইতুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের পশ্চিম পাশে বান্দরবান-কেরানীহাট সড়কের আমতল এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় চোরের হামলায় আহত হয়েছেন মোটর সাইকেলের মালিক মো. জাহাঙ্গীর আলম সবুজ (৩৬) ও আবু তৈয়ব (৩৩)।
নিহত শফিকুল ইসলাম ওরফে মিয়া সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সেলবরষ উত্তরবীর এলাকার মৃত আব্দুল হাফেজের ছেলে। তারা স্ব-পরিবারে দীর্ঘদিন ধরে সাতকানিয়া এলাকায় বসবাস করে আসছেন।
শফিকুল পেশায় একজন গাড়ি ব্যবসায়ী। তিনি মিনি ট্রাক বা ডাম্পার ব্যবসার সাথে জড়িত ছিলেন।
নিহতের পরিবার ও থানা সূত্রে জানা যায়, কয়েক দিনের অতিবর্ষণের কারণে নদীতে পাহাড়ি ঢলে লাকড়ি নামলে আহত জাহাঙ্গীর ও তৈয়ব মিলে শ্রমিক দিয়ে জ্বালানী লাকড়ি ধরছিলেন। রাত ৩টার দিকে তৈয়ব সত্যপীর দরগাহ এলাকায় জাহাঙ্গীরের বাসায় শ্রমিকদের জন্য চা নিতে আসেন। বাসার সামনে তখন জাহাঙ্গীরের মোটর সাইকেলটি ছিল। তৈয়ব শ্রমিকদের চা নিয়ে বাসা থেকে বের হয়ে উঠানে গাড়ী না দেখে জাহাঙ্গীর ও তৈয়ব দু’বন্ধু এদিক-ওদিক ছুটাছুটি করে খুঁজতে থাকেন।
একপর্যায়ে আমতল এলাকায় এসে অন্য এক লোকের কাছে মোটরসাইকেল দেখতে পান। এ সময় মোটরসাইকেলের জ্বালানী শেষ হয়ে গাড়ি বন্ধ হলে চোর গাড়ি পুনরায় চালু করা চেষ্টা করছিল। দু’বন্ধু দ্রুত গিয়ে এক মোটরসাইকেল চোরকে ধরে বেধড়ক পিটিয়ে বেঁধে রাখেন। পরবর্তীতে ওই এলাকায় অবস্থানকারী জাহাঙ্গীরের সহোদর নিহত শফিকুলকে মোবাইলে ডেকে আনেন। তারা তিনজনই সকালের অপেক্ষায় সড়কের উপর বসে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক এ সময় পাশের ঝোপ থেকে চোর সিন্ডিকেটের আরো দু’য়েকজন বের হয়ে কিছু বুঝে উঠার আগেই তাদের উপর হামলা চালায়।
লোহার রড দিয়ে চোরের দল তাদের এলোপাতাড়ি পেটাতে থাকে। রডের আঘাতে শফিকুল ইসলাম ওরফে মিয়া গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে কেরানীহাট আশশেফা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ পরিস্থিতিতে চোরের দল ধৃত মোটরসাইকেল চোরকে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২টি মোবাইল উদ্ধার করে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, তারা এক চোরকে আটক করে সড়কের উপর অবস্থান করছিলেন। এ সময় চোরের অন্য দু’সদস্য ঝোপ থেকে বের তাদের উপর রড দিয়ে হামলা করে হামলায় গুরুতর আহত হয়ে শফিকুল নামের এক ব্যক্তি মারা যান।
ইত্তেফাক/জেডএইচ
