অতিরিক্ত মদপানে মাদক মামলার আসামির মৃত্যু

আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১৫:৫১

চট্টগ্রামের সাতকানিয়ায় অতিরিক্ত মদপানে মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানার এক আসামির মৃত্যু হয়েছে। তার নাম ওসমান প্রকাশ কানা ওসমান (৫৫)। 

শনিবার সকালে স্থানীয়রা উপজেলার বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা হলুদিয়া এলাকায় সড়কের পাশে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলীকে অবহিত করেন। 

বাজালিয়া ৭নং ওয়ার্ডেও ইউপি সদস্য মোহাম্মদ আলী বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত ওসমান উপজেলার উত্তর বাজালিয়া ৬নং ওয়ার্ডের মৃত গুনু মিয়ার ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে এক ব্যক্তি দুলতে দুলতে ওই জায়গা শুয়ে পড়েছিল। তখন তাকে দেখে মদ্যপ বলে মনে হয়েছিল। সকালে ওই স্থানেই তাকে মৃত পাওয়া যায়। 

ঘটনাস্থল পরিদর্শনকারী সাতকানিয়া থানার এসআই জাকির হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অতিরিক্ত মদ পানের কারণে তার মৃত্যু হয়েছে। তাছাড়া তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। 

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে স্থানীয় লোকজন সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ওসমানের নামে থানায় একটি মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। 

ইত্তেফাক/জেডএইচ