ব্যারিস্টার রফিক উল হকের মৃত্যুতে জেপি’র চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের শোক

আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১৮:০৯

দেশের প্রথিতযশা আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, এমপি এবং সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম।

মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শোকবার্তায় জেপি’র নেতৃদ্বয় বলেন, মরহুম রফিক-উল হক ছিলেন বাংলাদেশের অন্যতম, প্রবীণতম ও শ্রেষ্ঠ আইনজীবী।  তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন এবং সম্মানের সঙ্গে তার পেশার মর্যাদা সমুন্নত রেখেছেন। তিনি আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দেশ ও জাতির কল্যাণে এবং আইন পেশার মর্যাদা বৃদ্ধিতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি দল-মত নির্বিশেষে সকলের শ্রদ্ধা অজীনে সমর্থ হয়েছিলেন। তিনি জাতীয় পার্টি-জেপি’র প্রতি বিশেষ সহানুভূতিশীল ছিলেন এবং জেপি’র কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশন ২০১৬ উদ্বোধন করেছিলেন।  তার মৃত্যুতে বাংলাদেশে আইন পেশার জগতে এক বিরাট শূন্যতার সৃষ্টি হয়েছে যা সহজে পূরণ হবার নয়। তিনি তার উত্তরসূরীদের জন্য রেখে গেছেন অনুকরণীয় দৃষ্টান্ত। 

নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। 

ইত্তেফাক/এসআই