তিন সপ্তাহে মূলধন কমেছে ৭ হাজার কোটি টাকা

আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ২১:২০

ঢাকা স্টক এক্সচেঞ্জ

ইত্তেফাক রিপোর্ট

মূল্যসূচক বাড়লেও বেশির ভাগ প্রতিষ্ঠানের দরপতনের মধ্য দিয়ে গত সপ্তাহ পার করেছে দেশের শেয়ারবাজার। গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৯৬ হাজার ৫৭৫ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৩ লাখ ৯৮ হাজার ৫৫১ কোটি টাকা। অর্থাত্ ডিএসইর বাজার মূলধন কমেছে ১ হাজার ৯৭৬ কোটি টাকা। আগের সপ্তাহে বাজার মূলধন কমে ১ হাজার ১২৩ কোটি টাকা। তার আগের সপ্তাহে কমে ৩ হাজার ৭২১ কোটি টাকা। এ হিসাবে টানা তিন সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ৬ হাজার ৮২০ কোটি টাকা। বাজার মূলধন কমার অর্থ তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম সম্মিলিতভাবে ঐ পরিমাণ কমেছে। যদিও গত সপ্তাহ জুড়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪১ দশমিক ৭৪ পয়েন্ট বা দশমিক ৮৬ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ৪৪ দশমিক ৬৭ পয়েন্ট বা দশমিক ৯১ শতাংশ। তার আগের সপ্তাহে কমে ৭৮ দশমিক ৩৫ পয়েন্ট বা ১ দশমিক ৫৭ শতাংশ। অর্থাত্ টানা দুই সপ্তাহে ১২৩ পয়েন্ট কমার পর ডিএসইর প্রধান মূল্যসূচক ৪১ পয়েন্ট বাড়ল।