নাগোরনো-কারাবাখ:বন্দি ‘হত্যা’র ভিডিও প্রকাশ

আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ২১:২২

যুদ্ধাপরাধের তদন্ত দাবি আর্মেনিয়ার

 বিবিসি

বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলে আজারবাইজানের সেনাবাহিনী ও জাতিগত আর্মেনিয়ানদের মধ্যে চলতে থাকা যুদ্ধে যুদ্ধাপরাধ সংঘটন হওয়ার কিছু ভিডিও প্রকাশিত হয়েছে। তেমনই প্রকাশিত একটি ভিডিওতে আর্মেনীয় দুই নাগরিককে হত্যা করতে দেখা গেছে। দেশটি এ ঘটনায় যুদ্ধাপরাধ তদন্তের দাবি করেছে।

একটি মেসেজিং অ্যাপে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় যে, সেনাবাহিনীর পোশাক পরা দুই আর্মেনিয়ান আজারবাইজানের সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন। আরেকটি ভিডিওতে ঐ দুই আর্মেনিয়ান নাগরিককে হাত বাঁধা অবস্থায় গুলি করতে দেখা যায় আজারবাইজানের সেনাবাহিনীকে। নিহত হওয়া দুই ব্যক্তিকে শনাক্ত করার পাশাপাশি তাদের পরিচয়ও প্রকাশ করেছে আর্মেনিয়ার কর্তৃপক্ষ। ইউরোপের মানবাধিকার পরিস্থিতি নজরদারির কাজে নিয়োজিত শীর্ষ সংস্থা কাউন্সিল অব ইউরোপ নিশ্চিত করেছে যে, তারা ভিডিওটি হাতে পেয়েছে এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করবে। ককেশাস পর্বতমালার অঞ্চলটিতে ২৭ সেপ্টেম্বর দুই পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয়। তারপর থেকে যুদ্ধে বেসামরিক নাগরিকসহ কয়েক হাজার মানুষ মারা গেছে। ঐ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত হলেও এলাকাটির নিয়ন্ত্রণ করে জাতিগত আর্মেনিয়ানরা। ১০ অক্টোবর প্রথম দফায় এবং ১৮ অক্টোবর দ্বিতীয় দফায় দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও সংঘাত অব্যাহত থাকে। এরই মধ্যে ঐ অঞ্চলের হাজার হাজার মানুষকে ঘরছাড়া হতে হয়েছে।

সাম্প্রতিক সময়ে দুই পক্ষের সেনাবাহিনীই যুদ্ধবন্দি এবং প্রতিপক্ষের সৈন্যদের মরদেহের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। এর মধ্য থেকে মাত্র দুটি ভিডিওর সত্যতা যাচাই হয়েছে। টেলিগ্রাম চ্যানেলগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আজারবাইজানের একজন যুদ্ধবন্দিকে এক আর্মেনিয়ান সেনার দ্বারা গুলিবিদ্ধ হতে দেখা যায়। কিন্তু ঐ ভিডিওটি আসলে রাশিয়ার একটি ভিডিও, যেটি সোশ্যাল মিডিয়ায় ২০১৩ সালে প্রথমবার শেয়ার করা হয়েছিল। বিবিসি যে ভিডিও দুটো যাচাই করতে পেরেছে, সেগুলো টেলিগ্রামে আজারবাইজানের সমর্থক একটি নামহীন রুশ চ্যানেলে গত সপ্তাহে প্রকাশ করা হয়েছিল। প্রথম ভিডিওতে দুই জন আর্মেনিয়ান নাগরিককে বন্দি করার চিত্র দেখা যায়। ঐ ভিডিওতে আজারবাইজানের বাচনভঙ্গিতে রুশ ভাষায় আদেশ দিতে শোনা যায় এক ব্যক্তিকে। তিনি বন্দিদের অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করতে নির্দেশ দিচ্ছিলেন। প্রথম ভিডিওর পরপরই দ্বিতীয় ভিডিওটি প্রকাশ করা হয়, যেখানে ঐ দুই বন্দিকে হত্যার দৃশ্য দেখা যায়। দুই জন বন্দির হাত পিছমোড়া করে বাঁধা ছিল এবং তাদের শরীর আর্মেনিয়া ও অস্বীকৃত অঞ্চল নাগোরনো-কারাবাখের পতাকায় আবৃত ছিল।