সাম্প্রতিক সময়ে বিভিন্ন যৌক্তিক দাবি নিয়ে গণআন্দোলন গড়ে উঠেছিল। যে আন্দোলনগুলোতে সর্বসাধারণের অংশগ্রহণ ছিল দেখার মতো। তবে কিছু কিছু আন্দোলনকারীর হাতে এমন কিছু প্লাকার্ড দেখা গিয়েছে যেগুলোতে অকথ্য ভাষায় সরকার বা প্রশাসনকে গালি দেওয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। কথায় আছে—যে কাজ বন্দুকের গুলি দিয়ে হয় না, সেই কাজ মুখের মিষ্টি কথায় হওয়া সম্ভব। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অকথ্য ভাষায় গালিগালাজ করে। কোন বিষয়ে মতামত জানানোর থাকলে সেটা মার্জিত ভাষায় জানানো সম্ভব। কোনো বিষয় কারো মতের বিরুদ্ধে চলে গেলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অকথ্য ভাষায় গালিগালাজ করা যেন এখন সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অথচ সেই প্রতিবাদটি মার্জিত ভাষায় করা যেত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অপরাধ করলে তা প্রচলিত আইনে বিচার হবে। তার জন্য আমরা অকথ্য ভাষায় গালিগালাজ করে নিজেরাই অপরাধ করি। তাই আবেদন থাকবে—অন্যের মতামতকে সম্মান জানিয়ে কোনো বিষয়ের বিরোধিতা করতে হলে মার্জিত ভাষায় করুন। আমাদের সতর্ক থাকতে হবে এবং মার্জিত ভাষায় সরকারের কাছে আমাদের দাবিদাওয়াগুলো উপস্থাপন করতে হবে।
আবদুর রউফ, শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
