ম ইত্তেফাক রিপোর্ট
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ দেশের সকল মন্দিরের উন্নয়নে কাজ করে চলেছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অতীতেও ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উন্নয়ন অংশীদার ছিল, বর্তমানেও উন্নয়ন কার্যক্রমে নানাভাবে অংশীদার, আগামীতেও ঢাকেশ্বরীসহ দক্ষিণ সিটি করপোরেশন এলাকার সকল মন্দিরের উন্নয়ন অংশীদার হিসেবে পাশে থাকব। গতকাল ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।
মেয়র বলেন, আমরা সকল ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে একটি আধুনিক ও উন্নত ঢাকা মহানগরী বিনির্মাণে বদ্ধপরিকর। এই নগরী সবার, এই নগরীর উন্নয়নে সকলে এগিয়ে আসবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে পূজার আনুষ্ঠানিকতা পরিচালনা করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং হিন্দু ধর্মাবলম্বী সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানান। মেয়রের সঙ্গে এ সময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, ঢাকা মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মণ্ডল, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
