ম ইত্তেফাক রিপোর্ট
সাভারে শিশু ধর্ষণের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে সাভার পৌর এলাকার ছায়াবিথী মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধর্ষণের শিকার শিশু তার বাবা-মায়ের সঙ্গে ছায়াবিথী এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়াশুনা করত। শিশুটির বাবা ও মা কারখানা শ্রমিক। শুক্রবার সকালে তারা তাদের সন্তানকে বাসায় রেখে কাজে যান। এরই এক ফাঁকে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে প্রতিবেশী যুবক কামাল হোসেন। শিশুটির মা বাসায় ফিরে মেয়েকে অসুস্থ অবস্থায় দেখতে পান। শিশুটি তার মাকে ঘটনা খুলে বলে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার রাতেই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
