রিয়াল জিতল এল ক্ল্যাসিকো

আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ২২:৪১

বার্সেলোনা ১

রিয়াল মাদ্রিদ ৩

 স্পোর্টস ডেস্ক

এল ক্লাসিকোয় গতকাল মঞ্চটা সাজানো ছিল নতুনদের জন্যই। সে মঞ্চেই নতুন দিনের পতাকা ওড়ালেন রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার তরুণেরা। ফেদেরিকো ভালভার্দে আর আনসুমান ফাতির গোলদুটোর পর অবশ্য রিয়াল ৩-১ ব্যবধানের জয় তুলে নেয় দুই ‘বুড়ো’র গোলেই। তাতে পয়েন্ট টেবিলের শীর্ষেও উঠেছে কোচ জিনেদিন জিদানের শিষ্যরা।

টানা দুই হার নিয়ে ন্যু ক্যাম্পে আসা রিয়াল শনিবার রাতে শুরুটা করেছিল দুর্দান্তই। কারিম বেনজেমার বাড়ানো বলে ভালভার্দের গোলে এগিয়ে যেতে সময় নেয় মোটে ৫ মিনিট। বার্সার জবাবটাও ছিল প্রায় কাছাকাছি সময়েই। জর্দি আলবার ক্রসে পা ছুঁইয়ে স্বাগতিকদের সমতায় ফেরান ফাতি, বনে যান এল ক্লাসিকোর সর্বকনিষ্ঠ গোলদাতাও।

প্রথমার্ধে দুই দল সমানে সমানে লড়লেও গোলের দেখা পায়নি আর। খেলার চিত্রটা বদলায় ৬৭ মিনিটে। দীর্ঘ ‘ভিএআর’ (ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি) পরীক্ষার পর পাওয়া পেনাল্টি থেকে রিয়ালকে এগিয়ে দেন অধিনায়ক সার্জিও রামোস।

এরপর সমতাসূচক গোলের খোঁজে মরিয়া বার্সার কফিনে শেষ পেরেকটি ঠোকেন লুকা মদ্রিচ। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে আসা এই মিডফিল্ডারের ৯০ মিনিটের গোলে চার বছর পর বার্সার মাঠে জয় নিশ্চিত হয় রিয়ালের। ২০০৭-০৮ মৌসুমের পর এবারই প্রথম টানা দুই এল ক্লাসিকোয় জয়ের স্বাদ পায় দলটি।

গার্দিওলার ‘সবচেয়ে বাজে’ সূচনা

ইংলিশ প্রিমিয়ার লিগে আরো একবার হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি। ওয়েস্ট হ্যামের সঙ্গে ১-১ ড্র করে আবারও পয়েন্ট খুইয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।

প্রতিপক্ষের মাঠে মিখাইল অ্যান্তোনিওর গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে সিটিজেনরা। দ্বিতীয়ার্ধের শুরুতে ফিল ফোডেন সিটিকে সমতায় ফেরালেও জয়সূচক গোলের দেখা পায়নি দলটি। ফলে পাঁচ ম্যাচ শেষে দুই জয় আর দুই ড্রয়ে আট পয়েন্ট নিয়ে তালিকার ১২তম অবস্থানে আছে সিটি। কোচিং ক্যারিয়ারে এর চেয়ে বাজে সূচনা আর কোনো মৌসুমে হয়নি কোচ পেপ গার্দিওলার।