দাতব্যেও অদম্য র্যাশফোর্ড

আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ২২:৪৪

স্পোর্টস ডেস্ক

করোনা মহামারিকালে খেলোয়াড়-কোচদের অনেকেই দাতব্য বিভিন্ন কাজে নিয়োজিত হয়েছিলেন। তবে ইংলিশ ফরোয়ার্ড মার্কাস র্যাশফোর্ড যা করেছেন তার ব্যাপ্তি সেসব থেকে ঢের বেশি। বৃটেনে লকডাউনের সময়টায় স্কুলগামী শিক্ষার্থীদের খাবারের নিশ্চয়তা আদায়ে লড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড। সম্প্রতি এ কর্মসূচিতে ব্রিটিশ সংসদ সদস্যদের না ভোট পড়ার পর শেষমেশ বেসরকারিভাবেই শিশুদের খাবারের ব্যবস্থা করে বসেছেন তিনি!

লকডাউনের শুরুর দিকে ইংল্যান্ডের স্কুলগুলো বন্ধ হয়ে গেলে থেমে যায় শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচিও। র্যাশফোর্ডের জোর দাবির মুখে সে কর্মসূচি আবার চালু করে ব্রিটিশ সরকার। মাঝে গ্রীষ্মকালীন ছুটিতে বন্ধ হয়েছিল একবার, ইংলিশ এই ফুটবলার সোচ্চার ছিলেন তখনো; সেবারও নতি স্বীকার করে সরকার। মাঠের বাইরে এমন কীর্তি তাকে পাইয়ে দিয়েছিল ব্রিটিশ রাজপরিবারের সম্মাননা ‘এমবিই’ পদকও।

তবে সম্প্রতি সে কর্মসূচি ইস্টার পর্যন্ত চালু রাখার দাবি নাকচ হয়ে যায় ব্রিটিশ সংসদে।

এরপর নিজের টুইটার অ্যাকাউন্টে সে দেশের সব রেস্টুরেন্ট মালিকদের এগিয়ে আসার আহ্বান জানান র্যাশফোর্ড। এতে সাড়া পেয়েছেন পুরো ইংল্যান্ড থেকেই। রেস্টুরেন্ট, ক্যাফে এমনকি স্থানীয় সরকারও সাড়া জানিয়েছে এতে। ফলে ইস্টারের ছুটি শেষ হওয়ার আগ পর্যন্ত সময়টায় শিশুদের খাবার পাওয়ার ব্যাপারেও পাওয়া গেছে নিশ্চয়তা।

এতটা সাড়া র্যাশফোর্ড নিজেও আশা করেননি। টুইটারে তিনি লেখেন, ‘অক্টোবরের বাকি অর্ধেক সময়ে যে শূন্যতা সৃষ্টি হয়েছিল তা পূরণে স্থানীয় ব্যবসায় প্রতিষ্ঠানগুলো এগিয়ে এসেছে। এটা দেখে বেশ অবাকই হয়েছি। এতে মিশে আছে নিঃস্বার্থতা, দয়া, ঐক্য। এই ইংল্যান্ডকেই আমি চিনি।’

র্যাশফোর্ডের নিজের শৈশবই কেটেছে নিদারুণ অভাবে। সে সময়ে স্কুলের খাবারের প্রতি নির্ভরতা ছিল প্রকট। তেমন দারিদ্র ইংল্যান্ডের অনেক পরিবারে আছে এখনো। তার ওপর মহামারিকালের উটকো বিপদ অভিভাবকদের ছাঁটাই হওয়া তো আছেই। সব মিলিয়ে করোনাকালে ইংলিশ শিশুদের অনাহারের মুখোমুখি হওয়ার শঙ্কা ছিল ভালোই। সে ভাবনা থেকেই মূলত এ ব্যাপারে সোচ্চার হয়েছিলেন ম্যানইউ ফরোয়ার্ড। র্যাশফোর্ডের এমন উদ্যোগ প্রশংসিত হচ্ছে দারুণভাবেই। লিভারপুল কোচ য়ুর্গেন ক্লপ একে দেখলেন সব ধরনের প্রতিদ্বন্দ্বিতার উর্ধ্বেই। জার্মান এই কোচ বলেন, ‘মার্কাস দুর্দান্ত একটা কাজ করেছে। লিভারপুল-ইউনাইটেডের মধ্যে অনেক বৈরিতা আছে। কিন্তু এখন সময় ঐক্যের। যারা ক্ষমতায় আছে তারা যখন ঠিকঠাক কাজ করতে পারবে না, তাদের পথ দেখাতে হবে এভাবেই। মার্কাসের কাজটা সব ধরনের প্রতিদ্বন্দ্বিতাকে ছাপিয়ে যায়।’