‘দুঃসময়’ মানছেন ধোনি

আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ২২:৪৪

স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখন অবধি যতগুলো আসর খেলেছে চেন্নাই সুপার কিংস, সবগুলোতেই কমপক্ষে শেষ চার অবধি যেতে পেরেছে। তবে, এবার তারা নিজেদের সেই রেকর্ড হাতছাড়া করার দুয়ারে দাঁড়িয়ে আছে।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে শুক্রবার রাতে তাদের লজ্জার মুখে ফেলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ধোনিরা হেরেছে ১০ উইকেটের বড় ব্যবধানে। চলতি আসরে এটা চেন্নাইয়ের অষ্টম হার। ম্যাচ শেষে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেন, ‘এটা একটা কঠিন সময়। যেটা দেখতে হবে যে কোনো ব্যাপারগুলোয় গলদ হচ্ছে। বিশেষ করে এই বছরটি আমাদের পক্ষে নেই। আজকে ৮ উইকেটে হেরেছি বা ১০ উইকেটে, এটার মূল্য আছে সামান্যই। কিন্তু টুর্নামেন্টের এই পর্যায়ে আমরা যেখানে আছি, সেটিই যন্ত্রণাদায়ক। খুঁজে বের করতে হবে, দ্বিতীয় ম্যাচ থেকেই কোথায় ঝামেলা হলো এবার।’ আইপিএলে নিজেদের ১০ আসরের আট বার ফাইনাল খেলেছে চেন্নাই। শিরোপা জিতেছে তিন বার, রানার্স আপ পাঁচ বার। বাকি দুই আসরেও তারা জায়গা পেয়েছিল সেরা চারে। সেই চেন্নাই এবার আছে পয়েন্ট তালিকার তলানিতে। কাগজে-কলমে এবারও তাদের শেষ চারে যাওয়ার সুযোগ আছে। তবে, সেই পথ অনেক কঠিন। ধোনি বলেন, ‘বাজে পারফরম্যান্সের ১০০ কারণ থাকতে পারে। কিন্তু মূল ব্যাপার হলো, কন্ডিশন যেমনই থাকুক, নিজেদের জিজ্ঞেস করতে হবে যে সামর্থ্যের পুরোটা দিতে পেরেছি কি না। কাগজে-কলমে ভালো দল, সেটির প্রতিফলন কী আমরা মাঠে ফেলতে পেরেছি? এ বছর আমরা পারিনি।’