স্পোর্টস রিপোর্টার
বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে তার খেলা নিয়ে শঙ্কা জেগেছিল। অবশেষে সব শঙ্কা উড়িয়ে দিয়ে ট্রফির লড়াইয়ের জন্য প্রস্তুত মুশফিক।
এ লক্ষ্যে গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুশীলন করেছেন তিনি। মূলত ইনডোরে ব্যাটিং অনুশীলনই করেছেন। মুশফিক ছাড়া নাজমুল হোসেন শান্ত একাদশের কেউই অনুশীলন করেনি। এমনকি বৃষ্টির কারণে ফাইনালের আগের অনুশীলনই বাতিল করে দেয় দলটি।
মুশফিক বিসিবি প্রেসিডেন্টস কাপের শেষ তিন ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়েছেন। নাজমুল একাদশের হয়ে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি করেন তিনি। যদিও শেষ ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে ডাইভ দিয়ে ডান কাঁধে ব্যথা পাওয়ায় দুই দিন বিশ্রামে ছিলেন তিনি।
গত ২১ অক্টোবর তামিম একাদশের বিরুদ্ধে ৫১ রান করেছিলেন মুশফিক। পরে উইকেটকিপার হিসেবে ইনিংসের ৩১তম ওভারে ইয়াসির আলীর তোলা ক্যাচ ধরতে গিয়ে ডাইভ দিয়ে কাঁধে ব্যথা পান তিনি। সঙ্গে সঙ্গেই মাঠ থেকে বের হয়ে যান, পরে আর ফিল্ডিংয়ে আসেননি।
টিম হোটেলে জিম, সুইমিং করলেও গতকাল মিরপুরে অনুশীলনই বলে দিচ্ছে ফাইনালের জন্য পুরোই প্রস্তুত অভিজ্ঞ এই ক্রিকেটার।
